চিকিৎসকদের নিয়ে মাসুদ কামালের মন্তব্যের প্রতিবাদ বিপিএইচসিডিএ’র
মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসকদের নিয়ে জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামালের অসম্মানজনক ও মানহানিকর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনোস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ)। অবিলম্বে বক্তব্য প্রত্যাহার করে চিকিৎসকদের কাছে প্রকাশ্যে ও নিঃশর্তভাবে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা। অন্যথায় তাঁর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
আজ বুধবার (১০ জুন) সংগঠনটির সভাপতি ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল এবং মহাসচিব ডা: এ এম শামীম এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
বিপিএইচসিডিএর অফিস সেক্রেটারি ডা. আরিফ মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিকিৎসকগণ স্বাস্থ্য সেবার মতো অত্যন্ত মহত পেশায় নিয়োজিত। তাঁরা আত্নমানবতার সেবায় নিবেদিত প্রাণ ও দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার অন্যতম প্রধান চালিকাশক্তি। তাঁদের সম্পর্কে কোন ধরনের অবমাননাকর, অসম্মানজনক ও মানহানিকর মন্তব্য শুধু ব্যক্তিগতভাবে চিকিৎসকদেরই নয় বরং সমগ্র স্বাস্থ্যখাতকে প্রশ্নবিদ্ধ করে এবং জনমনে বিভ্রান্তির সৃষ্টি করে।
এতে বলা হয়, ‘আমরা মাসুদ কামালকে তাঁর বক্তব্যের জন্য প্রকাশ্যে ও নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনার আহ্বান জানাচ্ছি। যদি তিনি অতি দ্রুত তাঁর বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা প্রার্থনা না করেন, তবে প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বিপিএইচসিডিএর নেতৃবৃন্দ মনে করেন, বিষয়টির গুরুত্ব অনুধাবন করে মাসুদ কামাল দায়িত্বশীল আচরণের পরিচয় দেবেন এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
এমআর/