বিসিএসে চিকিৎসকদের বয়স বৃদ্ধি, উচ্চতর কোর্সে পরীক্ষা ফি কমানো ও বেসরকারিতে বেতন কাঠামোর উদ্যোগ
মেডিভয়েস রিপোর্ট: বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি এবং বেসরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের জন্য সম্মানজনক বেতন কাঠামো নির্ধারণের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ (বিএমইউ) দেশের মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) পরীক্ষা ফি কমানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ৮ জুন স্বাস্থ্য অধিদপ্তরে আন্দোলনরত ইন্টার্ন ও পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকদের প্রতিনিধি দলের সঙ্গে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে গৃহিত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৯ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জারি করা আলাদা তিন পরিপত্র ও আদেশে এসব কথা বলা হয়।
বিসিএসে চিকিৎসকদের বয়সসীমা বৃদ্ধির সুপারিশ
স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখার সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক পরিপত্রে জানানো হয়, ৮ জুনের মতবিনিময় সভার সিদ্ধান্ত অনুযায়ী বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে দেওয়া ওই চিঠিতে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।
বেসরকারি চিকিৎসকদের বেতন কাঠামোর জন্য উচ্চপর্যায়ের কমিটি
এ ছাড়া বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য সম্মানজনক বেতন কাঠামো তৈরিতে কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাশ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কথা জানানো হয়।
স্বাস্থ্য শিক্ষা বিভাগের ওই আদেশে বলা হয়েছে, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, মেডিকেল ও ডেন্টাল কলেজসমূহের এন্ট্রি লেভেলে কর্মরত চিকিৎসকদের জন্য একটি যৌক্তিক, সমন্বিত ও সম্মানজনক বেতন কাঠামোর খসড়া তৈরি করতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে আহ্বায়ক এবং অধিদপ্তরের মানব সম্পদ ব্যবস্থাপনা পরিচালককে সদস্য সচিব করা হয়েছে। এই কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব (বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা), স্বাস্থ্য শিক্ষা বিভাগের যুগ্মসচিব (চিকিৎসা শিক্ষা), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালককে (হাসপাতাল)।
কমিটিকে আগামী ২০ কার্যদিবসের মধ্যে অংশীজনদের সঙ্গে আলোচনা করে বিদ্যমান বেতন-ভাতা পর্যালোচনাপূর্বক প্রয়োজনীয় সুপারিশসহ খসড়া প্রতিবেদন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পরীক্ষার ফি যৌক্তিকীকরণে বিএমইউ ও বিসিপিএসকে নির্দেশ
বিএমইউ ও বিসিপিএসের অধীনে চলমান বিভিন্ন কোর্সের পরীক্ষার ফি দ্রুততম সময়ের মধ্যে যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-১ শাখা থেকে জারি করা এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, ৮ জুনের যৌথ বিবৃতির আলোকে বিসিপিএস এবং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফি যৌক্তিক পর্যায়ে নির্ধারণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রয়োজনীয় সহযোগিতা দেবে।
এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিয়ে মন্ত্রণালয়কে অবহিত করতে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং বিসিপিএসের অনারারি সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ছয় দফা দাবিতে আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে গত ৮ জুন স্বাস্থ্য অধিদপ্তরে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠকে ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিকের সমান নির্ধারণ এবং এফসিপিএস ও এমডি-এমএস প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ইনক্রিমেন্ট ছাড়া নবম গ্রেডের সমপর্যায়ের সুবিধা প্রদানের সিদ্ধান্ত হয়।
এ ছাড়াও এফসিপিএস পার্ট-১ এবং এমডি/এমএস (ফেজ-এ) পরীক্ষায় উত্তীর্ণ সব বেসরকারি প্রশিক্ষণার্থী মাসিক ভাতা প্রদান এবং তা প্রতি মাসে নিয়মিতভাবে পরিশোধের কথা জানান মো. কামরুজ্জামান চৌধুরী।
স্বাস্থ্য সচিব বলেন, ‘বিসিএসে প্রবেশের বয়সসীমা দুই বছর বাড়ানোর দাবি করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। এটা যদিও সরকারের বিবেচনার বিষয়। আমরা পাবলিক সার্ভিস কমিশনসহ অন্যান্যদের সঙ্গে কথা বলবো। এ ব্যাপারে সুপারিশের প্রতিশ্রুতি দিচ্ছি।’
‘এ ছাড়া বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) পরীক্ষার যৌক্তিক ফি নির্ধারণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে’—যোগ করেন তিনি।
পাশাপাশি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও মেডিকেল কলেজে এন্ট্রি-লেভেলে কর্মরত চিকিৎসকদের জন্য একটি সম্মানজনক বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন তিনি।
বিসিএসে চিকিৎসকদের বয়সসীমা বৃদ্ধি এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের জন্য সম্মানজনক বেতন কাঠামো নির্ধারণের উদ্যোগ গ্রহণের মাধ্যমে যৌথ সিদ্ধান্তগুলো বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হলো।
এনএইচ/এমইউ