০৩ জুন, ২০২৬ ০৬:৫৯ পিএম

এফসিপিএস পার্ট-১: নতুন নীতিমালা বাতিলের দাবিতে রমেকে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

এফসিপিএস পার্ট-১: নতুন নীতিমালা বাতিলের দাবিতে রমেকে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএসে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের পদায়ন ও প্রশিক্ষণ ব্যবস্থাপনা সংক্রান্ত নতুন নীতিমালা বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের (রমেকহা) ইন্টার্ন চিকিৎসকরা।

আজ বুধবার (৩ জুন) দুপুর ১২ টায় হাসপাতাল প্রাঙ্গনে রমেকহা ইন্টার্ন ডক্টরস সোসাইটির ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, এফসিপিএস প্রশিক্ষণার্থী চিকিৎসকদের জন্য বিসিপিএস যে প্রজ্ঞাপন জারি করেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা মনে করি, এ ধরনের সিদ্ধান্ত চিকিৎসকদের বিদেশমুখী হতে বাধ্য করবে।

বক্তারা আরও বলেন, যেখানে এফসিপিএস প্রশিক্ষণ প্রক্রিয়াকে আরও কার্যকর ও সহজ করার প্রয়োজন ছিল, সেখানে নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে তা আরও কঠিন করে তোলা হয়েছে। প্রজ্ঞাপনে দুই বছর উপজেলা পর্যায়ে প্রশিক্ষণের কথা বলা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, সেখানে আমরা কার তত্ত্বাবধানে প্রশিক্ষণ নেব? এফসিপিএস প্রশিক্ষণের মূল ভিত্তিই হলো অভিজ্ঞ অধ্যাপক ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সরাসরি তত্ত্বাবধান। উপজেলা পর্যায়ে কোন কাঠামো নেই, সেক্ষেত্রে আমরা কীভাবে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করবো?

তারা বলেন, একজন চিকিৎসকের এফসিপিএস সম্পন্ন করতে করতে ৩০ থেকে ৩৫ বছর বয়স হয়ে যায়। এত দীর্ঘ প্রশিক্ষণকালেও যদি কোনো ভাতা বা আর্থিক সহায়তা না থাকে, তাহলে তাদের জীবনযাপন কীভাবে সম্ভব হবে? এ বয়সে এসেও যদি একজন চিকিৎসককে মৌলিক প্রয়োজন মেটাতে পরিবারের ওপর নির্ভর করতে হয়, তা অত্যন্ত লজ্জাজনক।

দাবি আদায়ে পরবর্তী কর্মসূচি সম্পর্কে বক্তারা বলেন, আমরা বিসিপিএসের জারি করা এই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছি। আমাদের যৌক্তিক দাবিগুলো দ্রুত মেনে নেওয়া না হলে সারাদেশের ইন্টার্ন  চিকিৎসকদের সঙ্গে পরামর্শক্রমে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এসময় আরও কিছু দাবি তুলে ধরে ইন্টার্ন চিকিৎসকরা। এর মধ্যে রয়েছে, এক্সাম ফি কমিয়ে ৫০০-১০০০ টাকার মধ্যে করা, বিসিএস পরীক্ষার বয়স সীমা বাড়ানো, চিকিৎসকদের নিরাপত্তার জন্য আইন প্রণয়ন, ইন্টার্ন চিকিৎসকদের বেতন ৩০ হাজার, ট্রেইনি চিকিৎসকদের বেতন ৫০ হাজার করা,নতুন নতুন মেডিকেল কলেজের অনুমোদন বন্ধ করে, মানহীন মেডিকেল কলেজগুলো উন্নত করা।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত