দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা শূন্যে নামানোর প্রস্তুতি সরকারের: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: দেশে বর্তমানে ডেঙ্গু রোগী সংখ্যা চার জন। এই সংখ্যা শূন্যে নামিয়ে আনতে সরকার প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ মঙ্গলবার (২ জুন) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রম উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডেঙ্গু নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকার দুই সিটি করপোরেশনসহ বিভাগীয় শহরগুলোতে শোভাযাত্রা ও বিভিন্ন কর্মসূচি পরিচালিত হবে। আগামী তিন মাস এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, আগামী সপ্তাহ থেকে চিকিৎসকদের জন্য ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হবে। একই সঙ্গে মশার প্রজননস্থল ধ্বংসে সিটি করপোরেশনগুলো মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযান জোরদার করবে।
তিনি আরও জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবায় সহায়তার জন্য বেসরকারি হাসপাতালগুলোকে তাদের মোট শয্যার ১০ শতাংশ সংরক্ষণ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষার খরচেও ৮০ শতাংশ ফ্রি থাকবে।
ডেঙ্গু প্রতিরোধে টিকার বিষয়ে মন্ত্রী বলেন, এ রোগের ভ্যাকসিন এখনো বিশ্বব্যাপী সর্বজনীনভাবে ব্যবহৃত হচ্ছে না। তাই আপাতত দেশে ডেঙ্গুর টিকাদান কর্মসূচি চালুর পরিকল্পনা নেই।
প্রসঙ্গত, চলতি বছরে ডেঙ্গু পরিস্থিতি কোন মাত্রায় পৌঁছাবে তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে।
এনএইচ/