মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালায় অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন তিন চিকিৎসক
মেডিভয়েস রিপোর্ট: থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ‘থাইল্যান্ড ইন্টারন্যাশনাল মেন্টাল হেলথ ওয়ার্কফোর্স ট্রেনিং প্রোগ্রামে’ অংশগ্রহণের জন্য তিনজন চিকিৎসককে অনুমোদন দিয়েছে সরকার।
বুধবার ( ২০ মে) স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব তানিয়া মুন স্বাক্ষরিত এক সরকারি আদেশে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে ‘থাইল্যান্ড ইন্টারন্যাশনাল মেন্টাল হেলথ ওয়ার্কফোর্স ট্রেনিং প্রোগ্রামে’ অংশগ্রহণের জন্য সরকারি অনুমোদন প্রদান করা হলো। প্রশিক্ষণ কর্মসূচিটি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২২ জুন হতে ১০ জুলাই ২০২৬ পর্যন্ত ভার্চুয়ালি এবং ১৩ জুলাই হতে ১৭ জুলাই ২০২৬ পর্যন্ত সরাসরি (ইন-পার্সন) অনুষ্ঠিত হবে। যাতায়াত ও ট্রানজিট সময় এর অন্তর্ভুক্ত নয়।’
সরকারি আদেশ অনুযায়ী মনোনীতরা হলেন, নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জান্নাতুন নাঈম কেয়া, চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আবদুল ওয়াজিদ ও যশোর মোহনপুর ইউনিয়ন সাব-সেন্টারের সহকারী সার্জন ডা. মো. ফারিদুল ইসলাম।
সরকারি আদেশে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কয়েকটি শর্ত নির্ধারণ করা হয়েছে—প্রশিক্ষণকালসহ যাতায়াত ও ট্রানজিট সময়কে ডিউটি হিসেবে গণ্য করা হবে, তারা বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী বেতন ও ভাতা বাংলাদেশি মুদ্রায় গ্রহণ করবেন, পুরো প্রশিক্ষণ কর্মসূচির ব্যয় বহন করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) ও থাইল্যান্ডের জনস্বাস্থ্য মন্ত্রণালয় এবং দেশে ফিরে ৭ কার্যদিবসের মধ্যে স্বাস্থ্য সেবা বিভাগে প্রতিবেদন জমা দিতে হবে।
সরকারি আদেশে আরও বলা হয়, সরকারি আদেশটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হয়েছে।
এমআর/