মেডিকেল কোডারে ২২টি নতুন পদ সৃজনের উদ্যোগ স্বাস্থ্য অধিদপ্তরের
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে অস্থায়ী রাজস্ব খাতভুক্ত মেডিকেল কোডারে দশম গ্রেডে ২২টি পদ সৃজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ বুধবার (২০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ বুখারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগের স্মারক নং-৪৫.০০.০০০০.১৫০.১৫.০২৫.১৭-১১ তারিখ: ১৯ জানুয়ারি ২০২৫ খ্রি. মূলে অস্থায়ী রাজস্ব খাতভুক্ত মেডিকেল কোডার (১০ম গ্রেড) ২২ (বাইশ) টি পদ সৃজন করা হয়েছে। এরমধ্যে স্বাস্থ্য অধিদিপ্তরে ১টি পদ এবং স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন নির্দিষ্ট চৌদ্দটি মেডিকেল কলেজ হাসপাতালে ১৪টি পদ ও নির্দিষ্ট সাতটি সিভিল সার্জন কার্যালয়ে ৭টি পদ সৃজিত হয়েছে। উক্ত পদ সৃষ্টির আদেশে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা এবং কমপক্ষে আট বছরের চাকুরীর অভিজ্ঞতা সম্পন্ন পরিসংখ্যানবিদ (গ্রেড-১৪) হতে পদোন্নতির মাধ্যমে উক্ত পদসমুহ পূরণের বিধান রাখা হয়েছে। জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির মাধ্যমে নবসৃষ্ট মেডিকেল কোডার পদসমুহ পূরণের জন্য স্বাস্থ্য অধিদপ্তর উদ্যোগ গ্রহন করেছে।’
এতে আরও বলা হয়েছে, ‘জ্যেষ্ঠতার তালিকা প্রণয়নের লক্ষ্যে যে সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে নূন্যতম ৮ বছরের চাকরি অভিজ্ঞতা সম্পন্ন পরিসংখ্যানবিদ (গ্রেড-১৪) কর্মে আছেন তাদের যাবতীয় তথ্য (যেমন: স্বহস্তে লিখিত আবেদনপত্র, এইচআরএম, চাকুরীর সন্তোষজনক প্রত্যয়নপত্র, বিভাগীয় মামলা নাই মর্মে প্রত্যয়নপত্র, চাকুরীর খতিয়ান বহি) বিজ্ঞপ্তি জারীর ১৫ কার্যদিবসের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর দপ্তরে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।’
এনএইচ/ এমআই