দেশের ৩১ ভাগ মানুষ জানে না তারা উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত
মেডিভয়েস রিপোর্ট: উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস মোকাবেলা করা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন রংপুরের বিশেষজ্ঞ চিকিৎসকরা। গবেষণায় উঠে এসেছে, দেশের ৩১ ভাগ মানুষ জানেনই না যে তারা উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত।
শুক্রবার (১৫ মে) দুপুরে নগরীর ধাপে হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার মিলনায়তনে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘একসাথে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করি’ এই স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টারের প্রতিষ্ঠাতা ডা. জাকির হোসেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ডা. মুহম্মদ জহুরুল হক, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. মোখলেছুর রহমান, ডা. শাহ মো. সরওয়ার জাহান এবং ডা. এম রাহেকুল মণ্ডল আপেল প্রমুখ।
আলোচনায় বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, শুধু বয়স্করাই নয়, তরুণদের মধ্যেও উচ্চ রক্তচাপের ঝুঁকি ক্রমশ বাড়ছে। নির্দিষ্ট সময় পরপর রক্তচাপ পরীক্ষা করা এবং সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমেই মৃত্যুঝুঁকি কমানো সম্ভব বলে জানান তারা।
আলোচনা সভায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সামাজিক ও পেশাজীবী ব্যক্তিবর্গ এবং সাধারণ রোগীরা অংশগ্রহণ করেন।
জেএইচ/