১৬ মে, ২০২৬ ০৩:৪১ পিএম

চলে গেলেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা

চলে গেলেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও একমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহা আর নেই। শুক্রবার (১৫ মে) রাতে বার্ধক্যজনিত নানা জটিলতায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন একমি গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রয়াত মিজানুর রহমান সিনহার মেয়ে  তাসনিম সিনহা। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন, ব্যবসায়ী মহল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।

১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহুরী গ্রামে জন্মগ্রহণ করেন মিজানুর রহমান সিনহা। শৈশবের একটি সময় কলকাতায় কাটানোর পর তিনি নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

১৯৬৪ সালে হাবিব ব্যাংকে চাকরির মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিনি। পিতার মৃত্যুর পর ১৯৭৫ সালে পারিবারিক প্রতিষ্ঠান একমি গ্রুপে যোগ দেন। ১৯৮৩ সাল থেকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

রাজনীতিতেও ছিলেন সক্রিয়। বিএনপির মনোনয়নে ১৯৯৬ সালে সপ্তম এবং ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

এছাড়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ ও জেলা বিএনপির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন সিনহা। তিনি সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে দলীয় মনোনয়ন পেলেও অসুস্থতার কারণে নির্বাচনে অংশ নিতে পারেননি। পরে ওই আসনে বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম আজাদকে মনোনয়ন দেওয়া হয়।

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সমাজসেবা, জনকল্যাণমূলক কাজ ও দানশীলতার জন্য নিজ এলাকায় তিনি ব্যাপকভাবে পরিচিত ছিলেন।

এনএইচ/টিআই

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক