১১ মে, ২০২৬ ০৩:১৩ পিএম
আইসিডিডিআর,বির শোক

ওআরএস উদ্ভাবনের অন্যতম বিজ্ঞানী ডা. মাজিদ মোল্লা আর নেই

ওআরএস উদ্ভাবনের অন্যতম বিজ্ঞানী ডা. মাজিদ মোল্লা আর নেই
ছবি: সংগৃহীত ও সম্পাদিত

মেডিভয়েস রিপোর্ট: ওরাল রিহাইড্রেশন সল্যুশন (ওআরএস) এবং রাইস ওআরএস উদ্ভাবনের অন্যতম পথিকৃৎ বিজ্ঞানী ডা. আবদুল মাজিদ মোল্লা ইন্তেকাল করেছেন। শুক্রবার (৮ মে) ঢাকায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। 

রোববার (১০ মে) ডা. আবদুল মাজিদ মোল্লার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ ( আইসিডিডিআর,বি)।  

১৯৪১ সালে জন্মগ্রহণকারী ডা. মোল্লা তাঁর সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন শিশুস্বাস্থ্য উন্নয়ন, ডায়রিয়াজনিত রোগ নিয়ে গবেষণা এবং দক্ষিণ এশিয়াসহ বিশ্বজুড়ে চিকিৎসা শিক্ষার অগ্রগতিতে। তিনি ১৯৬৩ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। পরবর্তীতে ১৯৬৫ সালে তৎকালীন পাক-সিয়াটো কলেরা রিসার্চ ল্যাবরেটরিতে (সিআরএল) যোগদানের মাধ্যমে আইসিডিডিআর,বির সঙ্গে তাঁর দীর্ঘ কর্মজীবন শুরু করেন।

১৯৭৫ সালে তিনি বেলজিয়ামের ইউনিভার্সিটি অব লুভেন থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর গবেষণার বিষয় ছিল ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের সিলিয়াক রোগ, পাশাপাশি তিনি শিশু স্বাস্থ্যবিদ্যায় বিশেষজ্ঞতা অর্জন করেন। ১৯৭৮ সালে ডা. মোল্লা পুনরায় আইসিডিডিআর,বিতে বিজ্ঞানী হিসেবে যোগদান করেন এবং ক্লিনিক্যাল গবেষণা, রোগীসেবা ও শিশুস্বাস্থ্য নিয়ে তাঁর গুরুত্বপূর্ণ কাজ অব্যাহত রাখেন। রাইস ওআরএস উদ্ভাবনে তাঁর ক্লিনিক্যাল গবেষণাভিত্তিক অবদান ডায়রিয়াজনিত রোগ ব্যবস্থাপনায় এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হয়।

আশির দশকের মাঝামাঝি সময়ে তিনি আগা খান ইউনিভার্সিটিতে শিশু বিভাগে অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে যোগ দেন। পরবর্তীতে ১৯৯২ সালে কুয়েত ইউনিভার্সিটিতে শিশুস্বাস্থ্য বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে চিকিৎসা শিক্ষা ও শিশুস্বাস্থ্যে অবদান রাখেন।

ডা. মোল্লার পরিবারে তাঁর স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা রয়েছে। তাঁর স্ত্রী ডা. আয়েশা মোল্লাও আইসিডিডিআর,বিতে সহযোগী বিজ্ঞানী হিসেবে কর্মরত ছিলেন।

এমআর/ টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক