০৭ মে, ২০২৬ ১১:৫৮ এএম

শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং ও গণিতের নিয়ম না পারলে শিক্ষকের বেতন বন্ধ

শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং ও গণিতের নিয়ম না পারলে শিক্ষকের বেতন বন্ধ
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বাংলা, ইংরেজি রিডিং পড়ার পাশাপাশি গণিতের মৌলিক চার নিয়ম (যোগ, বিয়োগ, গুণ ও ভাগ) রপ্ত করতে হবে। এজন্য চলতি বছরের জুলাই মাস পর্যন্ত সময় বেধে দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে শিক্ষার্থীদের এসব দক্ষতা অর্জনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ করে দেওয়া হবে।

সম্প্রতি দেশের সব জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে লক্ষ্য নির্ধারণ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন। সচিবের নির্দেশনা পেয়ে এরই মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের চিঠি দিয়েছেন স্ব স্ব জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা।

নির্দেশনায় শিক্ষার্থীদের প্রতিদিন বাংলা ও ইংরেজি বইয়ের ৫ পৃষ্ঠা জোরে জোরে শব্দ করে পড়ানোর কথা বলা হয়েছে। পাশাপাশি গণিতের যোগ, বিয়োগ, গুণ ও ভাগ শেখানোর ওপর জোর দিতে বলা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, গত ২৭ এপ্রিল ও ৫ মে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন। তিনি তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি ও গণিত শিক্ষার ওপর জোর দেন।

আগামী জুন মাসের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সাবলীলভাবে বাংলা ও ইংরেজি পড়ার দক্ষতা ৯০ শতাংশ এবং জুলাই মাসে ১০০ শতাংশ অগ্রগতি নিশ্চিতের নির্দেশনা দেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, তৃতীয় শ্রেণির বাংলা এবং পঞ্চম শ্রেণির ইংরেজি পাঠ্যবই থেকে প্রতিদিন অন্তত ৫ পৃষ্ঠা জোরে শব্দ করে পড়াতে হবে, চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নির্ধারিত পাঠের পাশাপাশি যোগ, বিয়োগ, গুণ ও ভাগ শেখানোর ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। এ ছাড়া কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে প্রতিটি বিদ্যালয়কে বিশেষ পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং তা আগামী ১০ মের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠাতে হবে।

এদিকে, সচিবের নির্দেশনা মেনে এরই মধ্যে কয়েকটি জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে এ লক্ষ্য অর্জনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের চিঠি দেওয়া হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন বলেন, ‘জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের বেশকিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে বাংলা-ইংরেজি রিডিং শিক্ষার্থীরা যাতে ঠিকভাবে পড়তে পারে, তা নিশ্চিত করার বিষয়টিও রয়েছে। এটি করতেই হবে, না হলে বর্তমান সরকারের লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে না।’

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত