হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে এক শিশু এবং হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে মোট ৩৯ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৪ জনে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৫ জন শিশু হামে আক্রান্ত হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছে ৮৪৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে ও হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। হামের উপসর্গ নিয়ে বাকি দুই শিশুর মৃত্যু হয়েছে খুলনা ও চট্টগ্রাম বিভাগে।
এ সময়ে সারা দেশে মোট ১ হাজার ১৭০টি শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দেয়। তাদের মধ্যে ৮৪৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ৩৫৫ জনই ঢাকা বিভাগের।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৮৩৬ জন শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে, যার মধ্যে ৪২০ জন ঢাকা বিভাগের।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ২৮ হাজার ৩৩৪ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ১৮ হাজার ৮৪৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৪ হাজার ৫৯ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি ১৫ হাজার ৭২৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।