বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালে মালামাল চুরি, জিডির প্রস্তুতি
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে বেজমেন্ট থেকে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২০ এপ্রিল) গভীর রাতে একটি চক্র হাসপাতালের নির্মাণকাজের মালামাল লুট করে নিয়ে যায়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত ছয়টি পিকআপ ভ্যানে করে এসব সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়।
হাসপাতালটির পরিচালক ও বিএমইউর ভাইরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইফুল্লাহ মুন্সী মেডিভয়েসকে এর সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘২০২৩ সালে প্রজেক্ট শেষ হয়ে যাওয়ার পর তখন হুন্দাই কোম্পানির অব্যবহৃত কিছু মালামাল ওরা রেখে যায়। নির্মাণকাজের কিছু ভাঙারি পর্যায়ের, যেমন—রড, ম্যাটালিক ও অ্যালুমিনিয়ামের কিছু জিনিসপত্র; যা তারা নিতে পারেনি। সেগুলো বেজমেন্টে স্টোরের মধ্যে ছিল। দেখতে পেলাম, এসব সামগ্রী কেউ কেউ অনুমতি ছাড়া নিয়ে গেছে।’
ঘটনা তদন্তে ইতিমধ্যে কমিটি গঠন করা হয়েছে জানিয়ে অধ্যাপক সাইফুল্লাহ মুন্সী বলেন, ‘আশা করি, দু-চার দিনের মধ্যে একটা ফলাফল বেরিয়ে আসবে। কিছু লোক আছে, যারা ভাঙারি জিনিস বিক্রি করে অর্থ কামাই করে থাকে। আমরা ইতিমধ্যে তাদের কাউকে কাউকে চিহ্নিত করতে পেরেছি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে এই মুহূর্তে নাম বলা যাচ্ছে না। কারও কারও বক্তব্য নেওয়া হয়েছে। সম্পৃক্তদের শাস্তি প্রদানের চেষ্টা অব্যাহত আছে। আমরা চিকিৎসক মানুষ। অপরাধীদের সঙ্গে কাজ করা কঠিন।’
তবে এগুলো দামি জিনিস নয় দাবি করে সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক বলেন, ‘বেজমেন্টে মেডিকেলের দামি কিছু থাকার সুযোগ নেই।’
তবে সেখানে কি কি ছিল সুনির্দিষ্ট করে জানতে চাইলে তিনি বলেন, ‘সারাদিন এ নিয়েই ব্যস্ত ছিলাম; কি কি ছিল এই মুহূর্তে তার কোনো তালিকা দেওয়া সম্ভব হবে না।’
এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে বলেও জানান অধ্যাপক ডা. সাইফুল্লাহ মুন্সী।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত গভীর রাতে হাসপাতালের নিরাপত্তা বলয় ডিঙিয়ে কার্টনে ভর্তি সরঞ্জাম পিকআপে তোলা হয়। হাসপাতালের এক কর্মকর্তা জানান, লুটপাটের একটি ভিডিও ফুটেজ তাদের হাতে এসেছে। সেখানে দেখা যায়, মালামাল ভর্তি একটি পিকআপের চালক বলছেন এসব সরঞ্জাম গুলশান কাঁচাবাজারে নিয়ে যাওয়া হচ্ছে।
এমইউ/