২২ এপ্রিল, ২০২৬ ১১:২২ এএম
বিএমইউতে বিশ্ব হরমোন দিবসের সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত

হরমোনজনিত রোগ শনাক্ত ও সঠিক চিকিৎসায় গুরুত্বারোপ

হরমোনজনিত রোগ শনাক্ত ও সঠিক চিকিৎসায় গুরুত্বারোপ
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: মানুষের বৃদ্ধি, বুদ্ধিমত্তা ও বিপাকক্রিয়াসহ শরীরের প্রতিটি গুরুত্বপূর্ণ কাজ সুচারুরূপে সম্পাদনের জন্য শরীরে হরমোনের সঠিক ভারসাম্য বজায় রাখা অপরিহার্য। এর অভাবে শরীরে বাসা বাধা জটিল রোগগুলো দ্রুত নির্ণয় ও আধুনিক চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ চিকিৎসা বিশেষজ্ঞরা। হরমোনের ভারসাম্য রক্ষায় সঠিক জীবন-যাপনের ওপরও গুরুত্বারোপ করেন তারা।

বিশ্ব হরমোন দিবস উপলক্ষে সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) এ ব্লক অডিটোরিয়ামে আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। এর আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল সেমিনার সাব কমিটি।

সেমিনারে অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ডা. শারমিন জাহান ‘অ্যান্ডোক্রাইন জেমস: লেশনস ফর্ম মোস্ট চ্যালেঞ্জিং কেসেস’ বিষয়ক উপস্থাপনায় বিভিন্ন জটিল হরমোনজনিত রোগ নির্ণয়ের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নুসরাত সুলতানা তাঁর ‘হরমোন ম্যাটারস: এন্ডোক্রাইন হেলথ অ্যাক্রোস দ্য লাইফ স্পান’ প্রবন্ধে বলেন, জীবনের প্রতিটা স্তরে হরমোনের প্রয়োজনীয়তা অপরিহার্য। মানুষের বৃদ্ধি, বুদ্ধিমত্তা, বিপাকক্রিয়া, বংশবৃদ্ধি ও সকল কাজ সুচারুরূপে সম্পাদনের জন্য প্রয়োজন হরমোনের সঠিক ভারসাম্য। যদি হরমোন ভারসাম্যহীন হয়ে যায়, শরীরবৃত্তীয় কাজ সঠিকভাবে হতে পারে না। হরমোনজনিত উল্লেখযোগ্য রোগগুলো হলো ডায়াবেটিস, থাইরয়েড, উচ্চতাজনিত সমস্যা, বন্ধ্যত্ব ও বয়োসন্ধির বিভিন্ন সমস্যা। তাই রোগমুক্ত থাকাসহ সুস্থ জীবনের জন্য হরমোনের সঠিক ভারসাম্য নিশ্চিত করা জরুরি।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, মানবদেহের বিভিন্ন সিস্টেম, অঙ্গ-প্রত্যঙ্গে হরমোনের গভীর প্রভাব রয়েছে এবং অনেক রোগও এই হরমোন দ্বারা বিশেষভাবে প্রভাবিত। চিকিৎসকদের নিত্যদিনের ক্লিনিক্যাল প্র্যাকটিসে এটা মোকাবিলা করতে হয়। হরমোনের গভীর প্রভাব মোকাবিলায় জনসাধারণ এবং চিকিৎসক সকলেরই আরো জ্ঞানার্জনসহ সচেতন হওয়া অত্যন্ত জরুরি।

ইউনিভার্সিটি সেন্ট্রাল সেমিনার সাব কমিটির সভাপতি ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আফজালুন নেছার সভাপতিত্বে ও মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. খালেদ মাহাবুব মুর্শেদের (মামুন) সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপকা ডা. মো. নজরুল ইসলাম।

মানবদেহে হরমোনের প্রভাব ব্যাপক উল্লেখ করে সেমিনারে বক্তারা বলেন, ভারসাম্যপূর্ণ হরমোন নিশ্চিত করতে সঠিক জীবন-যাপন অপরিহার্য। হরমোনজনিত রোগসমূহ সূচনাতেই নির্ণয় করে যথাযথ চিকিৎসাসেবা প্রদান করতে হবে। হরমোনের বিষয়টি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানবদেহ, মানুষের জীবনের সাথে গভীরভাবে প্রভাবিত। মানবদেহের সঠিক ক্রিয়াকলাপ নিশ্চিত করতে ভারসাম্যপূর্ণ হরমোন বজায় রাখার কোনো বিকল্প নেই।

গুরুত্বপূর্ণ এই সেমিনারে উপস্থিত ছিলেন ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, ডিন অধ্যাপক ডা. এম আবু হেনা চৌধুরী, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপকা ডা. সৈয়দ আকরাম হোসেন, নিওন্যাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল মান্নান, অটোল্যারিংগোলজি হেড নেক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ আল্লাম চৌধুরী, ল্যাবরেটরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সাইফূল ইসলাম, চক্ষু বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আব্দুল ওয়াদুদ, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের অধ্যাপক ডা. ফারিয়া হাসিন, পিএইচডি, নিউরোসার্জন সহযোগী অধ্যাপক ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব, উপ-রেজিস্ট্রার আইন সহযোগী অধ্যাপক ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ, বিএমইউ ভিসির একান্ত সচিব মো. লুৎফর রহমান প্রমুখসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্টবৃন্দ।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত