বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতা র্যালি
মেডিভয়েস রিপোর্ট: বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য সচেতনতা র্যালি অনুষ্ঠিত হয়েছে। ‘রোগ নির্ণয়: সুচিকিৎসার প্রথম ধাপ’—এ প্রতিপাদ্য সামনে রেখে এ আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিএমইউ প্রাঙ্গণে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে, হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ এবং হেমাটোলজি বিভাগের সহযোগিতায় র্যালিটি অনুষ্ঠিত হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে শুরু হয়ে ডি ব্লকের সামনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে বক্তারা বলেন, হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে দ্রুত রোগ নির্ণয়, বিনামূল্যে রক্তের প্রয়োজনীয় ফ্যাক্টর সরবরাহ এবং সমন্বিত চিকিৎসাসেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউর ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। তিনি বলেন, হিমোফিলিয়া একটি দীর্ঘমেয়াদি রক্তক্ষরণজনিত রোগ হলেও সময়মতো সঠিকভাবে রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসা নিশ্চিত করা গেলে রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। এ রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার এবং রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম।
র্যালিতে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. আমিন লুৎফুল কবির, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. মো. আদনান হাসান মাসুদ, বৈজ্ঞানিক বিষয়ক সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. মো. মনিরুল ইসলাম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মোছাব্বিরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, হিমোফিলিয়া রোগের আধুনিক চিকিৎসা ধীরে ধীরে দেশের সর্বস্তরের মানুষের নাগালে পৌঁছাবে। তারা জানান, দেশে এখনও অনেক অনিবন্ধিত হিমোফিলিয়া রোগী রয়েছে, যাদের দ্রুত শনাক্ত করে চিকিৎসার আওতায় আনা জরুরি।
র্যালিতে হিমোফিলিয়া রোগী ও তাদের অভিভাবকরাও অংশ নেন এবং চিকিৎসা আরও সহজলভ্য করার দাবি জানান। এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের চিকিৎসক, রেসিডেন্ট ও শিক্ষার্থীরাও এতে অংশগ্রহণ করেন।
র্যালির মাধ্যমে হিমোফিলিয়া সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, প্রাথমিক লক্ষণ সম্পর্কে ধারণা দেওয়া এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা সম্পর্কে জনগণকে অবহিত করা হয়। শেষে ‘ন্যাশনাল গাইডলাইন ফর ম্যানেজমেন্ট অব হিমোফিলিয়া’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
টিআই/