স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হলেন অধ্যাপক ফারুক
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবে অধ্যাপক ডা. ফারুক আহাম্মদকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সোমবার (৩০ মার্চ) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন আদেশ অনুযায়ী, তাকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে (ভারপ্রাপ্ত) অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) পদে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাকে আগামী ৫ এপ্রিলের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। যোগদানের আগে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ এবং এইচআরএম ডাটাবেজে মুভ-আউট সম্পন্ন করতে হবে। পাশাপাশি নতুন কর্মস্থলে যোগদানের পর মুভ-ইন সম্পন্ন করে পিডিএস হালনাগাদ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া, যোগদানপত্র স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার নির্ধারিত ই-মেইলে পাঠাতে বলা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
টিআই/