উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে প্রশংসায় ভাসছেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য
মেডিভয়েস রিপোর্ট: আকস্মিক অসুস্থ হয়ে নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনের সংসদ সদস্য এনামুল হক। চিকিৎসা নেওয়ার পাশাপাশি রোগীদের জন্য সরবরাহ করা খাবার গ্রহণ করেছেন তিনি। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনসহ বিভিন্ন পেশার মানুষের প্রশংসায় ভাসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে নির্বাচিত এই সংসদ সদস্য।
জানা গেছে, গত সোমবার (৯ মার্চ) সকালে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন এনামুল হক। পরে স্বাভাবিক অনুভব করলে দুপুরে হাসপাতাল ছেড়ে যান তিনি।
ধামইরহাট স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) আশিষ কুমার সরকার বলেন, ‘সংসদ সদস্য এনামুল হক কোনো পূর্বঘোষণা ছাড়াই হাসপাতালের জরুরি বিভাগে আসেন। তিনি গ্যাস্ট্রিক ও হাইপার টেনশনজনিত সমস্যায় ভুগছিলেন। কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হন তিনি এবং দুপুর পর্যন্ত সেখানে চিকিৎসা নেন। এ সময় তিনি হাসপাতালে রোগীদের জন্য সরবরাহ করা খাবারও খেয়েছেন।’
জনপ্রতিনিধি চিকিৎসা নিলে বেড়ে যায় সাধারণের আস্থা
জনপ্রতিনিধিরা সরকারি হাসপাতালে চিকিৎসা নিলে সাধারণ মানুষের আস্থা বাড়বে জানিয়ে এই চিকিৎসক বলেন, ‘সংসদ সদস্য হাসপাতালের সেবার প্রশংসা করেছেন।’
একজন সংসদ সদস্য হয়েও উপজেলায় চিকিৎসা নেওয়ার বিষয়ে এনামুল হক বলেন, চাইলে তিনি নওগাঁ বা জয়পুরহাটের বড় হাসপাতাল কিংবা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে পারতেন। তবে এলাকার মানুষ যেখানে নিয়মিত চিকিৎসা নেন, তিনি সেখানেই চিকিৎসা নিতে চেয়েছেন। সীমিত সক্ষমতা নিয়েও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আন্তরিক হলে ভালো সেবা দেওয়া সম্ভব বলে তাঁর বিশ্বাস।
জানতে চাইলে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. জহুরুল ইসলাম মেডিভয়েসকে বলেন, ‘সংসদ সদস্য এনামুল হক হাইপার টেনশনে হাঁটতে পারছিলেন না, মাথা ঘুরছিল। পরে হাসপাতালে এলে তাকে কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। এ সময় তিনি হাসপাতালে রোগীদের জন্য সরবরাহ করা খাবার খেয়েছেন।’
প্রশংসায় ভাসছেন সংসদ সদস্য
এদিকে স্থানীয় সরকারি হাসপাতালে সংসদ সদস্যের চিকিৎসা নেওয়ার বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সবার আলোচনার বিষয় হয়ে ওঠেন এনামুল হক। একই সঙ্গে নানা শ্রেণী-পেশার মানুষের প্রশংসায় ভাসছেন তিনি।
তাসলিমা পারভীন নামে এক ফেসবুক ব্যবহারকারী তাঁর ওয়ালে লেখেন, দেশের নামকরা বা বেসরকারি হাসপাতালে না গিয়ে একজন এমপি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন এবং সাধারণ রোগীদের মতো খাবার খেয়েছেন—এটি প্রশংসনীয় উদ্যোগ।
মাফি মনি নামের আরও এক ব্যবহারকারী লেখেন, ‘এমপি এনামুল হক যদি চাইতেন, তাহলে ঢাকায় কিংবা রাজশাহীর বড় কোনো বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে পারতেন। কিন্তু তিনি তা না করে, তার বাসার কাছের সাধারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেছেন। এমন এমপিই তো আমাদের দরকার! তিনি সাধারণ মানুষের মধ্যে যে জায়গা করে নিয়েছেন, সেটি সত্যিই প্রশংসনীয়। আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে দিক।’
এনামুল হক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খানকে পরাজিত করেন।
এমআই/