স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তনের আশা
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক ও পরিচালককে এনএইচএর অভিনন্দন
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ও পরিচালক (প্রশাসন) পদে অধ্যাপক ডা. জালাল উদ্দীন মোহাম্মদ রুমী নিয়োগ পাওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ন্যাশনাল হেলথ এলায়েন্স (এনএইচএ)। যোগ্য ও অভিজ্ঞ নেতৃত্বের মাধ্যমে দেশের স্বাস্থ্যে বিদ্যমান সমস্যার সমাধান এবং দুর্নীতিমুক্ত ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছে সংগঠনটি।
আজ বুধবার (১১ মার্চ) সংগঠনটির মুখ্য সমন্বয়ক ডা. হুমায়ুন কবীর হিমু স্বাক্ষরিত এক বার্তায় এই অভিনন্দন জানানো হয়।
এতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান দুটি গুরুত্বপূর্ণ পদে যোগ্য কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে। তাঁদের নেতৃত্বে দেশের স্বাস্থ্যখাতে বিদ্যমান সমস্যাগুলোর কার্যকর সমাধান সম্ভব হবে। একই সঙ্গে একটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদী বলে এনএইচএ।
এনএইচএ আরও আশা করে, তারা সকল দল ও মতের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন এবং দেশের স্বাস্থ্যখাতকে আরও গতিশীল ও কার্যকর করে তুলতে কাজ করবেন।
সংগঠনটি জানায়, স্বাস্থ্যখাতের সার্বিক উন্নয়ন এবং স্বাস্থ্যকর্মীবান্ধব যেকোনো উদ্যোগ বাস্তবায়নে ন্যাশনাল হেলথ এলায়েন্স ঐক্যবদ্ধভাবে তাঁদের সঙ্গে কাজ করতে প্রস্তুত।
এমইউ/