স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন সরদার সাখাওয়াত হোসেন
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সরদার মো. সাখাওয়াত হোসেন (এমপি)। নবগঠিত মন্ত্রিসভায় তাকে এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে বলে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদীয় দলের নেতা বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাক্ষরিত নোটিসে এ কথা জানানো হয়েছে।
বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ বিকেলে মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সব কিছু ঠিক থাকলে সরদার মো. সাখাওয়াত হোসেন স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই শপথ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী সরদার মো. সাখাওয়াত হোসেন ধানের শীষ প্রতীকে এক লাখ ৬৩ হাজার ৩৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।
এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মো. জাহাঙ্গীর আলম দাঁড়িপাল্লা প্রতীকে পান ৭৮ হাজার ৭৪৪ ভোট।
বিএনপির সূত্র জানিয়েছে, নতুন সরকারের পরিকল্পনায় স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। চিকিৎসাসেবা ব্যবস্থার সংস্কার, সরকারি হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি, জনবল সংকট নিরসন এবং সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গুরুত্বের কেন্দ্রে থাকবে। এ ছাড়া স্বাস্থ্যব্যবস্থায় দুর্নীতি ও অনিয়ম রোধ এবং প্রাথমিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নেও গুরুত্ব দেওয়া হবে।
এমইউ/