৩১ জানুয়ারী, ২০২৬ ০৭:২৬ পিএম

শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে বিএমইউতে ই-আইআরবি চালু

শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে বিএমইউতে ই-আইআরবি চালু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) শিক্ষা ও গবেষণার মান উন্নয়নের লক্ষ্যে চালু করা হয়েছে ইলেকট্রনিক ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড (ই-আইআরবি)। পেপারলেস ও পরিবেশবান্ধব এই ডিজিটাল উদ্যোগের মাধ্যমে গবেষণা নৈতিকতা নিশ্চিত করা এবং গবেষণা প্রক্রিয়াকে আরও দ্রুত, স্বচ্ছ ও আধুনিক করার লক্ষ্য নেওয়া হয়েছে।

আজ শনিবার (৩১ জানুয়ারি) এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে ‘ই-আইআরবি ইন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি: ইনোভেটিং রিসার্চ এথিকস’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘গবেষণা শুধু জ্ঞান অর্জনের বিষয় নয়, এটি টিকে থাকার লড়াই। মানবজাতির অস্তিত্বের সঙ্গে গবেষণা ওতপ্রোতভাবে জড়িত। তবে গবেষণার ক্ষেত্রে মূল্যবোধ ও মানবকল্যাণকে অগ্রাধিকার দিতে হবে। তিনি বলেন, বিশ্বব্যাপী স্বাস্থ্য ও বায়োমেডিক্যাল খাতে পরিচালিত গবেষণার বড় একটি অংশ বাস্তব সুফল দিতে ব্যর্থ হচ্ছে, যা উদ্বেগজনক। এ অবস্থার পরিবর্তন প্রয়োজন।’

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের (বিএমআরসি) চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েবা আখতার বলেন, ‘গবেষণায় জবাবদিহিতা ও নৈতিকতা নিশ্চিত করা জরুরি। একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবার গবেষণা সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।’

বিএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ বলেন, বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে অটোমেশন জোরদার করছে। ই-আইআরবি চালুর ফলে কাগজের ব্যবহার কমবে, পরিবেশ রক্ষা ও বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে ভূমিকা রাখবে।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, ই-আইআরবি গবেষণা প্রক্রিয়ার ডকুমেন্টেশন, সংরক্ষণ এবং স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুস শাকুর এবং আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহেদা আনোয়ার। এ সময় বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, ই-আইআরবি চালুর ফলে উচ্চতর মেডিক্যাল শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকেরা সরাসরি উপকৃত হবেন। অনলাইনে গবেষণা প্রস্তাব জমা ও পর্যালোচনার ফলে অনুমোদনের সময় কমবে, দ্রুত ফিডব্যাক পাওয়া যাবে এবং প্রশাসনিক ব্যয় হ্রাস পাবে। একই সঙ্গে গবেষণা নৈতিকতার মান আরও শক্তিশালী হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করেন, এই উদ্যোগের মাধ্যমে বিএমইউতে আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণা পরিবেশ গড়ে উঠবে এবং দেশের চিকিৎসা গবেষণায় নতুন গতি সঞ্চার হবে।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত