০৮ ডিসেম্বর, ২০২৫ ০৮:২৩ পিএম

ভুল রেফারেল অনৈতিক, রোগী মৃত্যুঝুঁকিতে পড়ে: স্বাস্থ্য সচিব

ভুল রেফারেল অনৈতিক, রোগী মৃত্যুঝুঁকিতে পড়ে: স্বাস্থ্য সচিব
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: হাসপাতালে ভুল জায়গায় রোগী পাঠানো বা অযথা ফেরত দেওয়াকে অনৈতিক ও অমানবিক বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান। তিনি বলেন, রেফারেল ব্যবস্থার দুর্বলতার কারণে অনেক রোগী এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত মৃত্যুর মুখে পড়ে।

আজ সোমবার (৮ ডিসেম্বর) ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের (নিন্স) নতুন ৫০০ শয্যার সম্প্রসারণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্য সচিব বলেন, ভুল রেফারেল ও রোগী গ্রহণ না করার মতো উদাসীনতা মানুষের জীবনের ওপর গুরুতর ঝুঁকি তৈরি করছে। ঢাকার বড় হাসপাতালগুলোর চাপ ও বিশৃঙ্খলার উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এমন অবস্থা যে করিডোর বা বারান্দায় দাঁড়ানোরও জায়গা নেই।’

তিনি আরও বলেন, কোনো রোগীকে ফেরত দিলে তাকে কোথায় যেতে হবে তা বলা দায়িত্ব। একই সঙ্গে যেদিকে পাঠানো হচ্ছে, সেখানে আগে জানিয়ে দেওয়া উচিত, যাতে রোগী সঠিকভাবে গ্রহণ হয়। দাঁতের রোগীকে ভুল বিভাগে পাঠানো বা মাথায় আঘাতপ্রাপ্ত রোগীকে অনুপযুক্ত জায়গায় রেফার করা—এ ধরনের ভুল রোগীর জীবনের ঝুঁকি বাড়ায় বলেও মন্তব্য করেন তিনি।

নিউরোসায়েন্স হাসপাতালের ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা ও রোগীবান্ধব পরিবেশের প্রশংসা করে সচিব বলেন, একই আউটসোর্সিং জনবল থাকা সত্ত্বেও দেশে অনেক হাসপাতালে পরিচ্ছন্নতা বজায় থাকে না, কিন্তু নিউরোসায়েন্স সেখানে ব্যতিক্রম। তিনি বলেন, ২০০৬ সালে সীমিত সক্ষমতায় যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি এখন দেশে একটি মডেল।

সাইদুর রহমান বলেন, চিকিৎসকদের দায়িত্ব চিকিৎসা দেওয়া, ব্যবস্থাপনার কাজ নন-মেডিকেল স্টাফদের। এজন্য প্রতিটি বড় হাসপাতালে অন্তত একজন সিভিল ইঞ্জিনিয়ার ও একজন ইলেকট্রো-মেকানিক্যাল বিশেষজ্ঞ যুক্ত করার পরামর্শ দেন তিনি।

তিনি ব্যক্তিগতভাবে অনুরোধ করে বলেন, নিউরোসায়েন্স হাসপাতালে ৬০ বছরের বেশি বয়সীদের জন্য আলাদা সেবা এলাকা থাকলে বয়স্কদের জরুরি চিকিৎসা পাওয়া সহজ হবে। কারণ হিসেবে উল্লেখ করেন, ‘যেকোনো সময় যে কেউ স্ট্রোকে আক্রান্ত হতে পারেন।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক