ঢাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদী
মেডিভয়েস রিপোর্ট: রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির গণমাধ্যমকে জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৬, যা স্বল্পমাত্রার ভূমিকম্প হিসেবে গণ্য করা হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশালে।
এর আগে গত শুক্র (২১ নভেম্বর) ও পরদিন শনিবার মাত্র ৩১ ঘণ্টার মধ্যে ঢাকা ও এর আশপাশে চারবার ভূমিকম্প ঘটেছে। এর মধ্যে শুক্রবার সকালে ঢাকা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে রিখটার স্কেলে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল।
সেখানে ভূমিকম্পে ১০ জন নিহত ও ৬০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। আবহাওয়া ও ভূমিকম্প বিশেষজ্ঞরা নাগরিকদের সচেতন থাকার পরামর্শ দিয়েছেন।