দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস
মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টি ও মাঝারি ধরনের ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু করে পাঁচ দিনব্যাপী পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
শুক্রবারের পূর্বাভাস
ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবারের পূর্বাভাস
ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু'এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণাঞ্চলে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
রোববারের পূর্বাভাস
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু'এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
সোমবার ও মঙ্গলবারের পূর্বাভাস
সোমবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের অধিকাংশ স্থানে আবহাওয়া শুষ্ক থাকবে। মঙ্গলবার চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, বাকি অঞ্চল থাকবে মেঘলা ও শুষ্ক আবহাওয়ার মধ্যে।
আবহাওয়ার এই ধারাবাহিকতায় দেশের দক্ষিণাঞ্চলে জনজীবনে সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
টিআই/