০৯ অক্টোবর, ২০২৫ ০৪:৩৯ পিএম

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু ১২ অক্টোবর

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু ১২ অক্টোবর
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন।

মেডিভয়েস রিপোর্ট: সারাদেশে আগামী রোববার (১২ অক্টোবর) শুরু হচ্ছে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। ক্যাম্পেইনে নয় মাস থেকে ১৫ বছর পর্যন্ত প্রায় পাঁচ কোটি শিশু-কিশোরকে এই টিকা দেওয়া হবে। 

‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’ নিয়ে আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

বিশেষ সহকারী বলেন, গত ৪৬ বছর ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) চলছে। সংক্রামক রোগজনিত মৃত্যু ও পঙ্গুত্বের হার কমিয়ে আনতে সারাদেশে এ কর্মসূচি সফলভাবে চলছে। টিকাদান কর্মসূচির ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশ একটি ভালো উদাহরণ হিসেবে পরিগণিত হয়। টিকাদান কর্মসূচিতে বাংলাদেশ সর্বশেষ সংযোজন করতে যাচ্ছে টাইফয়েডের বিরুদ্ধে একটি টিকা (টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন)। 

টাইফয়েডের বিরুদ্ধে বেশ কিছু টিকা আছে জানিয়েছে তিনি বলেন, এই টিকা সবচেয়ে বেশি কার্যকর ও নিরাপদ। তিনি নির্দ্বিধায় সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশে প্রায় ৫ কোটি শিশু-কিশোরের মধ্যে এই টিকাদান কর্মসূচি শুরু করা হচ্ছে। 

অধ্যাপক সায়েদুর রহমান বলেন, এই টিকা ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়স পর্যন্ত সব শিশু-কিশোরকে দেওয়া হবে। নবম শ্রেণি পর্যন্ত যারা থাকবে, বিনামূল্যে তাদের এই টিকা দেওয়া হবে। 

এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার যাচাই করা (প্রি-কোয়ালিফাইড) জানিয়ে তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সরকার কখনোই নিরাপত্তার বিষয় নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত সাধারণত কর্মসূচিতে কোনো ভ্যাকসিন অন্তর্ভুক্ত করে না। এর মান সম্পর্কিত বিষয় নিশ্চিত করা হয়েছে। এরপর এটা আমাদের জাতীয় টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত