রংপুরে ৩ দিনব্যাপী তারুণ্যের উৎসব অনুষ্ঠিত
মেডিভয়েস রিপোর্ট: তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে তিন দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
গত ২৫ সেপ্টেম্বর রংপুর কমিউনিটি মেডিকেল কলেজে এ উৎসবের উদ্বোধন ঘোষণা করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডা. মো. শরিফুল ইসলাম। পরে রোববার (২৮ সেপ্টেম্বর) এই উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।
তারুণ্যের এ অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বাস্কেটবল নিক্ষেপ, পেনাল্টি শট এবং উপস্থিত বক্তৃতার মাধ্যমে উৎসবের কার্যক্রম ২৭ সেপ্টেম্বর সম্পন্ন হয়। পর দিন অনুষ্ঠিত হয় উৎসবের সমাপনী অনুষ্ঠান।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর গ্রুপের চেয়ারম্যান নীলু আহসান। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ, একাডেমিক অ্যাডভাইজরসহ সম্মানিত শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে নীলু আহসান বলেন, ‘আমরা অনেক ধরনের উৎসব পালন করি, যেমন—পিঠা উৎসব, বইমেলাও একটি উৎসব। এ ছাড়া আরও নানা রকম আয়োজন হয়ে থাকে। তবে এটি ছিল সম্পূর্ণ ব্যতিক্রমী একটি উৎসব, যা আগে কখনও পালিত হয়নি।’
কমিউনিটি মেডিকেল কলেজের ১৭তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন।
এএএমএম/টিআই/এমইউ