ডেঙ্গুতে ঝরল আরও ৫ প্রাণ, সবাই ঢাকার
মেডিভয়েস রিপোর্ট: এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই ঢাকায় অবস্থান করছিলেন। এ নিয়ে চলতি বছর ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৭। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬৬৮ ডেঙ্গু রোগী।
বুধবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ১৫৮ জন, চট্টগ্রাম বিভাগে ১০৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৬ জন, ঢাকা উত্তর সিটিতে ৯৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৭৩ জন, খুলনা বিভাগে ৪১ জন, ময়মনসিংহ বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ৩৫ জন ও রংপুর বিভাগে ৫ জন রয়েছেন।
২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ ও দুইজন ঢাকা উত্তরের।
মৃত ব্যক্তিদের মধ্যে দুজন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে একজন করে চিকিৎসাধীন ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪৩ হাজার ৮৪১ জন।
প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যুবরণ করেন ৫৭৫ জন। এর আগের বছর ডেঙ্গুতে মারা যান এক হাজার ৭০৫ জন। তখন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
এমইউ/
-
১৮ জুন, ২০২৬
-
১২ মে, ২০২৬