০৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:০৯ পিএম

ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) প্রদত্ত এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন,মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অনুপম জীবনাদর্শ, সর্বজনীন শিক্ষা ও সুন্নাহর অনুসরণ আজকের এ দ্বন্দ্ব-সংঘাতপূর্ণ বিশ্বে শান্তি, ন্যায় এবং কল্যাণ প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে পারে।

ড. ইউনূস বলেন, ‘বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশেষ নবী ও রাসূল হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র স্মৃতিবিজড়িত দিন ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত এক দিবস। মহানবীর (সা.) জীবনদর্শন ধর্মীয় ও পার্থিব জীবনের জন্য সর্বোত্তম পথপ্রদর্শক এবং এর মধ্যেই মুসলমানদের অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি নিহিত রয়েছে।’

বাণীতে তিনি উল্লেখ করেন, ‘হজরত মুহাম্মদ (সা.) ছিলেন ‘রাহমাতুল্লিল আলামিন’, অর্থাৎ সমগ্র বিশ্বজগতের জন্য রহমত। আল্লাহ তাআলা তাঁকে মানবজাতির হেদায়েত ও মুক্তির জন্য প্রেরণ করেছেন। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে— 'আমি আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য কেবল রহমতরূপেই প্রেরণ করেছি' (সূরা আল-আম্বিয়া: ১০৭)।’

তিনি বলেন, ‘নবী করিম (সা.) ছিলেন ‘সিরাজাম মুনিরা’—আলোকোজ্জ্বল প্রদীপ, যিনি অন্ধকার যুগে শান্তি, প্রগতি ও কল্যাণের বার্তা নিয়ে আসেন। কুসংস্কার, অন্যায়, অবিচার ও পাপাচারের বিরুদ্ধে তিনি সত্য, ন্যায় ও নৈতিকতার আলো ছড়িয়ে দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অনুপম চারিত্রিক বৈশিষ্ট্য, দয়া, মহত্ব ও আল্লাহর প্রতি পরিপূর্ণ আনুগত্য তাঁকে বিশ্ব মানবতার জন্য এক অনন্য আদর্শে রূপান্তরিত করেছে। পবিত্র কুরআনে তাঁকে ‘উসওয়াতুন হাসানাহ্’—অর্থাৎ সুন্দরতম আদর্শ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।’

তিনি আশাবাদ ব্যক্ত করেন, মহানবী (সা.)-এর শিক্ষা ও আদর্শ যুগে যুগে মানবজাতিকে মুক্তির পথ দেখাবে এবং সৎ পথে পরিচালিত করবে।

বাণীর শেষাংশে প্রধান উপদেষ্টা  বলেন, ‘পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) আমাদের সকলের জীবনে বয়ে আনুক অপার শান্তি, প্রগতি ও সমৃদ্ধি। মহানবী (সা.)-এর জীবনাদর্শ লালন ও অনুসরণের মাধ্যমে ইহকাল ও পরকালের সার্বিক কল্যাণ এবং মুক্তি অর্জিত হোক—এই প্রার্থনা করি। সমগ্র মুসলিম উম্মাহর ঐক্য সুসংহত হোক।—এ কামনা করি।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক