২৪ অগাস্ট, ২০২৫ ০৫:১২ পিএম
উত্তরার বিমান দুর্ঘটনা

বার্নে চিকিৎসাধীন ২১ রোগীর মধ্যে তিনজন গুরুতর, বাসায় ফিরলেন মাইলস্টোনের শিক্ষক

বার্নে চিকিৎসাধীন ২১ রোগীর মধ্যে তিনজন গুরুতর, বাসায় ফিরলেন মাইলস্টোনের শিক্ষক
সংবাদ সম্মেলনে জাতীয় বার্ন ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক ডা. মো. মারুফুল ইসলাম (মাঝে)। ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরেক রোগী সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। নিশি আক্তার নামে ওই রোগী মাইলস্টোন স্কুলের শিক্ষিকা। আজ রোববার (২৪ আগস্ট) দুপুরে বাড়ি যান তিনি। নিশি আক্তার ছুটি পাওয়ায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়ালো ২১। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের অবস্থা ঝুঁকিমুক্ত হওয়ায় অল্প সময়ের ব্যবধানে ছেড়ে দেওয়া সম্ভব হবে।

নিশি আক্তারকে ছাড়পত্র দেওয়া ও বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রোগীদের অবস্থা জানাতে আজ দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে হাসপাতালের যুগ্ম পরিচালক ডা. মো. মারুফুল ইসলাম এসব কথা জানিয়েছেন।

তিনি বলেন, শিক্ষক নিশিকে একুশবার অপারেশন থিয়েটারে (ওটি) নেয়া হয়েছিল এবং শরীরের বিভিন্ন অংশে পাঁচবার কাটাছেড়া করতে হয়েছে।

বার্ন ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক বলেন, এখানে মোট ৫৭ জন রোগী ভর্তি হয়। তাদের মধ্যে ২০ জন শিক্ষার্থীকে আমরা হারিয়েছি। চিকিৎসাধীন ছিলেন ২২ জন। নিশি আক্তারকে ছেড়ে দেওয়ার পর থাকবে ২১ জন, যাদের সবাই শিশু। এ পর্যন্ত সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১৫ জন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব শিশুর কেউই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেই। তবে দুই-তিনজন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যখন-তখনই আইসিইউতে নেওয়া লাগতে পারে। এমন অবস্থায় তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) ও পোস্ট অপারেটিভে চিকিৎসাধীন আছে।

তিনি বলেন, দীর্ঘ ৩৪ দিন চিকিৎসাধীন থাকার পর মাইলস্টোন শিক্ষিকা নিশি আক্তার বাড়ি ফিরছেন। আগে যাদের ছুটি হয়েছে, তারা কোনো রকম অপারেশন ছাড়াই সুস্থ হয়েছেন। কিন্তু এই রোগীর অপারেশন লেগেছে। তাকে একুশবার অপারেশন থিয়েটারে নেয়া হয়েছিল এবং শরীরের বিভিন্ন অংশে পাঁচবার কাটতে হয়েছে। যারা চিকিৎসাধীন আছে তাদের অধিকাংশেরই নিশির মতো অপারেশন লেগেছে এবং লাগবে।

আগামী এক সপ্তাহের মধ্যে আরও কয়েকজন রোগীকে ছাড়তে পারবেন বলে জানান ডা. মারুফুল ইসলাম।

কোনো পোড়া রোগীকে ছুটি দেওয়ার আগ পর্যন্ত ঝুঁকিমুক্ত মনে করেন না বলে জানান ডা. মো. মারুফুল ইসলাম। 

বার্ন ইনস্টিটিউটে ২১ জন রোগী চিকিৎসাধীন রয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের মধ্যে ২/৩ জনের অবস্থা ঝুঁকিপূর্ণ। কখনো উন্নতি, আবার কখনোও অবনতি হচ্ছে। এভাবে চলছে তাদের অবস্থা। আর বাকিদের অবস্থা স্বাভাবিক ও শঙ্কামুক্ত।

এসব রোগীর চিকিৎসায় সম্পৃক্ত বিভিন্ন বিভাগের চিকিৎসকদের আন্তরিকতা ও ত্যাগের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ডা. মারুফুল ইসলাম।

তিনি বলেন, ‘দগ্ধ রোগীদের চিকিৎসায় বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞদের সম্পৃক্ত হতে হয়। এক হাতে এ চিকিৎসা করা যায় না। অনেক সময় এসব রোগীর মূল পরিচর্যাকারীকে আমরা দেখতেই পাই না। চিকিৎসার মূল শক্তি আড়ালেই থেকে যান। এই চিকিৎসায় সম্পৃক্ত এ রকম নেপথ্যনায়কদের—সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, অধ্যাপক, রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রারসহ সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই।’

বার্ন ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক বলেন, ‘বিভিন্ন বিষয়ের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত দলের তৎপরতার পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনী প্রথম দিন থেকে আমাদের বিভিন্ন কাজে সহযোগিতা করছেন। বিশেষ করে রোগীদের শৃঙ্খলা, তাদের বাসায় পৌঁছে দেওয়া দিতে স্বজনদের সহযোগিতাসহ বিভিন্নভাবে তারা আমাদের পাশে ছিলেন। এজন্য তাদের প্রতিও কৃতজ্ঞতা ও ধন্যবাদ।’

আহতদের মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাওয়ার বিষয়ে অব্যাহত চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, ‘এসব দুর্ঘটনা আহত রোগীদের মস্তিষ্কে মারাত্মক প্রভাব ফেলে। শুধু রোগী না, চিকিৎসকরা ৩৬ দিন ধরে সেবা দিয়ে যাচ্ছেন। মৌলিক প্রয়োজন ছাড়া তারা আজ পর্যন্ত কেউই ছুটি নেননি। তারা ২৪ ঘণ্টা আছেন। এ কারণে তারাও চাপে আছেন। রোগী ও তাদের স্বজনরাও মানসিকভাবে বিপর্যস্ত। প্রতিদিনই আমাদের সাইকিয়াট্রিস্টরা কাউন্সিলিং করে যাচ্ছেন। জাতীয় মানসিক হাসপাতাল, ঢাকা মেডিকেল ও আমাদের সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকরা এ কাজে সহযোগিতা করছেন।’

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : উত্তরার বিমান দুর্ঘটনা
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক