২১ অগাস্ট, ২০২৫ ১১:০৮ এএম

অধ্যাপক ডা. সুজা-উদ-দৌলা আর নেই

অধ্যাপক ডা. সুজা-উদ-দৌলা আর নেই
অধ্যাপক ডা. আবু রায়হান মো. সুজা-উদ-দৌলা। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নীলফামারী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও রংপুর মেডিকেলের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. আবু রায়হান মো. সুজা-উদ-দৌলা মারা গেছেন। বুধবার (২০ আগস্ট) দিবাগত রাত সাড়ে আটটার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন।

তার জানাযা সকাল ১০টায় রংপুর মেডিকেল কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া বাদ জোহর গোবিন্দগঞ্জের দরবস্ত ইউনিয়নের দুর্গাপুর কালিতলা গ্রামে দ্বিতীয় জানাযা শেষে তাকে দাফন করা হবে।

ডা. আবু রায়হান মো. সুজা-উদ-দৌলা রংপুর মেডিকেল কলেজের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

সামাজি মাধ্যমে শোকের ছায়া

অধ্যাপক ডা. মো. সুজা-উদ-দৌলার মৃত্যুতে চিকিৎসকসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নজন শোক জানিয়েছেন। একই সঙ্গে তার আত্মার মাগফিরাত ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।

এ ছাড়াও শোক জানিয়েছে সন্ধানী নীলফামারী মেডিকেল কলেজ ইউনিটসহ বিভিন্ন সংগঠন।

গভীর শোক জানিয়ে রংপুর প্রাইম মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. নাসিমুল হক নাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন, ‘মানুষ বেঁচে থাকে তার কর্মে, ভালোবাসায়। একজন আকাশচুম্বি প্রিয় শিক্ষকের বিদায়বেলার বাতাসও যেন পাহাড়সম ভারী। অধ্যাপক ডা. আবু রায়হান মো. সুজা উদ্‌-দৌলা স্যার। শুধু শিক্ষক নন, ছিলেন এক আলোকিত দিশারী, অনুপ্রেরণা। তাঁর প্রস্থান শুধু শূন্যতা নয়, হৃদয়ের অমোচনীয় দাগ। স্যার, আপনার কর্ম, আপনার ভালোবাসা ও আপনার স্নেহমাখা শিক্ষা আমাদের বুকে চিরকাল বেঁচে থাকবে। আমাদেরও প্রস্তুতি নিতে হবে, এ জীবন ক্ষণিক।’

নীলফামারী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক টি. কে. সাহা ফেসবুকে এক পোস্টে তার মৃত্যুতে শোক প্রকাশ ও স্মৃতিচারণ করেন। তিনি লেখেন, ‘এই তো সেদিনই আমাদের মাঝে এলেন। মাত্র ৭ মাসে আপনি নীলফামারী মেডিকেল কলেজকে যা দিয়েছেন, তা তো স্বপ্নের মতো। আপনার হাত ধরেই নীমেকের স্বপ্নের ক্যাম্পাস পাওয়া।  অথচ সেই ক্যাম্পাসে আর কখনো আপনার পদধুলি পরবে না। এটা মেনে নিতেই কষ্ট হচ্ছে। গত বছর আপনার হাত ধরেই নীমেকের সকল শিক্ষার্থী, শিক্ষক, স্টাফ কলেজ ডে তে হৈ -হুল্লোর করলো। অথচ এবারের কলেজ ডে আসার আগেই আপনি চলে গেলেন। ওপারে ভালো থাকবেন স্যার।’

মো. আমিনুল ইসলাম নামে স্থানীয় একজন সাংবাদিক তার ফেসবুক ওয়ালে এক পোস্টে বলেন, ‘রংপুরবাসী হারালো একজন খ্যাতিমান শিশু বিশেষজ্ঞ প্রফেসর চিকিৎসককে। রংপুর মেডিকেল কলেজের শিশু বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সুজা উদ দৌলা স্যার ইন্তেকাল করেছেন। তিনি ছিলেন একজন কিংবদন্তি শিশু চিকিৎসক, যিনি যত্ন সহকারে চিকিৎসা দিয়েছিলেন শিশুদের। আল্লাহ মরহুমকে জান্নাতবাসী করুন।’

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত