ডা. হাসান আল বেরুনী

ডা. হাসান আল বেরুনী

এমবিবিএস, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা।


০৬ অগাস্ট, ২০২৫ ০৪:২৮ পিএম

চিকিৎসক সংকট: চলমান বিসিএস থেকে নিয়োগ বাড়িয়ে মিলবে সমাধান

চিকিৎসক সংকট: চলমান বিসিএস থেকে নিয়োগ বাড়িয়ে মিলবে সমাধান
ছবি: সংগৃহীত

আমার মা গ্রামের মানুষ। জীবনভর আমাদের জন্য পরিশ্রম করেছেন। এখন বয়স হয়েছে, হাঁপানিতে কষ্ট পান, কখনও কখনও রাতে ঘুমের মাঝেও দম বন্ধ হয়ে আসে। আমার সবচেয়ে বড় ভয়—যদি হঠাৎ রাতে মা অসুস্থ হয়ে পড়েন, তাকে নিয়ে যাব কোথায়? উপজেলা হাসপাতাল বলবে, ডাক্তার নাই। জেলা হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে সময় ফুরিয়ে যাবে। সেই সময়েই হয়তো সব শেষ হয়ে যাবে।

প্রশ্নটি শুধু আমার না, এই দেশের হাজারো ছেলের প্রশ্ন—যারা মা-বাবাকে নিয়ে গ্রামে থাকে। চিকিৎসক সংকট এখন আর পরিসংখ্যান নয়—এটি আমাদের জীবনের সবচেয়ে বড় অনিশ্চয়তা।

হাসপাতাল আছে, ডাক্তার নেই—এই কি আমাদের উন্নয়ন? সরকারি পরিসংখ্যান বলছে—দেশে প্রায় ১০ হাজার চিকিৎসক পদ শূন্য। এই বিশাল ঘাটতি কখনোই পূরণ হবে না, যদি এখনই যথেষ্ট সংখ্যায় ডাক্তার নিয়োগ না দেওয়া হয়। ৪৮তম বিশেষ বিসিএসে লোকবল বাড়াতে হবে, তা না হলে এই সংকট শুধু চলবে না—আরও ভয়াবহ রূপ ধারণ করবে। আর শুধু সংখ্যা বাড়ালেই হবে না—প্রান্তিক এলাকাগুলোতে ডাক্তার বসানোর মতো বাস্তব ও টেকসই পদক্ষেপ দরকার।

চোখ খুলে দেখুন—এটা নিছক পরিসংখ্যান না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, প্রতি ১০ হাজার জনে ১০ জন চিকিৎসক দরকার। আমাদের দেশে আছে মাত্র ৬.৩ জন। এর মানে হলো—প্রতি ১০ জন মানুষে চারজন যেন চিকিৎসাবিহীন থেকে যাচ্ছে। উপজেলা পর্যায়ের অনেক হাসপাতালে একজন ডাক্তার ২৪ ঘণ্টার সব দায় ঘাড়ে নিয়ে হিমশিম খাচ্ছেন। এমন কী—অনেক জায়গায় দীর্ঘদিন ধরে কেউই নেই।

ঢাকায় গিয়ে কি সবার চিকিৎসা হবে?

এই ঘাটতির কারণে দেশের সাধারণ মানুষ প্রতিদিন চিকিৎসার জন্য ঢাকা, খুলনা, চট্টগ্রামের দিকে ছুটে চলেছে। তাদের এই ছুটে চলার পেছনে আছে—ভয়, অনিশ্চয়তা, সন্তান হারানোর শঙ্কা। চিকিৎসা যখন দূরে থাকে, তখন মৃত্যু আরও কাছে চলে আসে।

এখনই সময় পদক্ষেপ নেওয়ার

৪৮তম বিশেষ বিসিএসে চিকিৎসক নিয়োগের সংখ্যা বাড়াতে হবে। শূন্যপদে দ্রুত নিয়োগ নিশ্চিত করতে হবে যেন দীর্ঘদিন ধরে শূন্য থাকা পদগুলো কার্যকর হয়। উপরমহলের দৃষ্টি আকর্ষণ করছি। এই সমস্যার সমাধান শুধু নীতিমালার কাগজে রেখে হবে না। উপরমহলের সুদৃষ্টি ছাড়া চিকিৎসক সংকট কাটবে না।
একটা জাতির স্বাস্থ্যব্যবস্থা যদি ভেঙে পড়ে, তাহলে অন্য উন্নয়ন একসময় ধুলায় মিশে যাবে। আমরা চাই না আর কোনো ছেলে হাসপাতালের সামনে দাঁড়িয়ে কাঁদুক—‘আমার মাকে ডাক্তার দেখাও।’

আমরা চাই, যে যেখানেই থাকুক—সেই জায়গায় চিকিৎসা পাক। চিকিৎসা করুণা নয়—এটা অধিকার। আমরা কারো কাছে ভিক্ষা চাই না। আমরা চাই আমার মা, তোমার মা, আমাদের মা—সবাই বাঁচুক। আমরা চাই, গ্রামে থাকা মানুষের জীবন যেন শহরের মানুষের চেয়ে কম মূল্যবান না হয়। চিকিৎসা হোক সবার জন্য, দরজার কাছে, সময়ের মধ্যে, সম্মানের সাথে। চিকিৎসা হোক সবার জন্য, সবার দোরগোড়ায়। জীবনটা সবার, মর্যাদাটাও হোক সমান।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসক নিয়োগ
  এই বিভাগের সর্বাধিক পঠিত