রামেকে হিজাবধারী ছাত্রীদের পরিচয় শনাক্তে লাগবে নারী শিক্ষক
মেডিভয়েস রিপোর্ট: পরীক্ষার হলে শুধুমাত্র নারী শিক্ষকরা হিজাব পরিধানকারী ছাত্রীদের চেহারা শনাক্ত করতে পারবেন বলে নির্দেশ দিয়েছে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) প্রশাসন। শিক্ষার্থীদের ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান জানাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রামেক অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনেক নারী শিক্ষার্থী ধর্মীয় অনুশাসনের কারণে হিজাব বা নিকাব পরে ক্লাস, পেশাগত পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন। এ ধরনের পরিস্থিতিতে পরীক্ষার নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখতে মুখাবয়ব শনাক্তের প্রয়োজন হতে পারে। তবে শিক্ষার্থীদের ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান জানিয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, এমন পরিস্থিতিতে শুধুমাত্র নারী শিক্ষকরা মুখাবয়ব শনাক্তের দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে এই বিষয়ে সচেতন ও সহযোগিতাপূর্ণ দৃষ্টিভঙ্গি গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
টিআই/এনএআর/
-
০৪ জানুয়ারী, ২০২২