১২ জুলাই, ২০২৫ ০৩:০৯ পিএম

ডেঙ্গু মোকাবেলায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের কিট বিতরণ

ডেঙ্গু মোকাবেলায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের কিট বিতরণ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও রোগ নির্ণয়ের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পরিষদের পক্ষ থেকে দুই হাজার ডেঙ্গু কিট প্রদান করা হয়েছে। আজ শনিবার (১২ জুলাই) দুপুরে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে এসব কিট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি জেলা পরিষদের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে কিটগুলো তুলে দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাসার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন এবং জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

ডিসি ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘হাসপাতালের তত্ত্বাবধায়ক আমাদের কাছে কিট সরবরাহের জন্য আবেদন করেছিলেন। ডেঙ্গু পরীক্ষা করার জন্য যে পরিমাণ কিট প্রয়োজন, তা হাসপাতালের কাছে ছিল না। নারায়ণগঞ্জ একটি শিল্পাঞ্চল হওয়ায় এখানে ভাসমান লোকসংখ্যাও বেশি। তাই দ্রুতই প্রয়োজনীয় কিট সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সরকারি হাসপাতালে যারা স্বাস্থ্যসেবা নিতে আসে, তারা সাধারণত অসহায় অবস্থায় আসে। এ সময় তাদের পাশে থাকা অত্যন্ত জরুরি। ডেঙ্গু একটি ভয়াবহ রোগ, যা রক্তের প্লাটিলেট কমিয়ে দিতে পারে। তাই শুরুতেই রোগটি শনাক্ত করা গুরুত্বপূর্ণ, নইলে যথাযথ চিকিৎসা দেওয়া সম্ভব নয়। আমাদের স্বাস্থ্যকর্মীরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। তবে আশার কথা, এ বছর অন্যান্য বছরের তুলনায় ডেঙ্গু রোগীর সংখ্যা তুলনামূলকভাবে কম।’

এসআইএস/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক