শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে বোনস বিতরণ
মেডিভয়েস রিপোর্ট: শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ও মানবিক উদ্যোগের সূচনা হলো। কলেজের দাওয়া সার্কেলের উদ্যোগে বুধবার (৯ জুলাই) ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ১৩ জন শিক্ষার্থীর মাঝে বোনস (মানব কঙ্কাল) বিতরণ করা হয়। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজের বোনস ব্যাংক।
এই ব্যতিক্রমধর্মী ও সময়োপযোগী উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা মানব কঙ্কাল সংগ্রহে আর্থিক ও নৈতিক চাপ থেকে মুক্ত থাকার সুযোগ পাবেন। চিকিৎসা শিক্ষার শুরুতেই বোনস সংগ্রহ শিক্ষার্থীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ, যা অনেক সময় শিক্ষার্থীদের বাধ্য করে কালোবাজারি কিংবা অনৈতিক পথে পা বাড়াতে। এই প্রেক্ষাপটেই দাওয়া সার্কেলের এই উদ্যোগ প্রশংসার দাবিদার।
অনুষ্ঠানে উপস্থিত দাওয়া সার্কেলের সদস্যরা বলেন, ‘এই উদ্যোগ এখানেই থেমে থাকবে না। ইনশাআল্লাহ, এটি চলমান থাকবে। আমরা স্বপ্ন দেখি সেই দিনের—যেদিন কোনো নতুন শিক্ষার্থীকে আর কষ্ট করে, বাধ্য হয়ে, বোনস সংগ্রহের জন্য অর্থ জোগাড় করতে বা অনৈতিকভাবে কিছু কিনতে হবে না।’
তারা আরও জানান, মেডিকেল শিক্ষার্থীদের নৈতিক, মানসিক ও শিক্ষাগত উন্নয়ন নিশ্চিত করতেই এই 'বোনস ব্যাংক' গঠন করা হয়েছে, যাতে প্রয়োজনে শিক্ষার্থীরা সহজেই বিনামূল্যে বা প্রয়োজনভিত্তিক মানব কঙ্কাল সংগ্রহ করতে পারে।
অনুষ্ঠানে যারা বোনস ডোনেট করেছেন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এই উদ্যোগ ভবিষ্যতে দেশের অন্যান্য মেডিকেল কলেজেও অনুপ্রেরণা জোগাবে—এমনটাই প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা।