০৩ জুন, ২০২৫ ১০:৪০ এএম

সূর্যের অতিবেগুনি রশ্মিতে ৮৭% মেলানোমা ক্যান্সার: গবেষণা

সূর্যের অতিবেগুনি রশ্মিতে ৮৭% মেলানোমা ক্যান্সার: গবেষণা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ক্যান্সার একটি প্রাণঘাতী রোগ, যা বিশ্বব্যাপী এক মরণব্যাধিতে পরিণত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ত্বকের ক্যান্সারে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে শরীরের কোন অংশে এই ব্যাধি দেখা দেবে, তা নারী ও পুরুষের ক্ষেত্রে ভিন্নতা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, সচেতনতা অবলম্বনের মাধ্যমে ত্বকের ক্যানসার প্রতিরোধই সবচেয়ে কার্যকর উপায়।

সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক গবেষণা সংস্থা ক্যানসার রিসার্চ ইউকের (সিআরইউকে) নতুন একটি গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

দ্য গার্ডিয়ানে প্রকাশিত ওই প্রতিবেদনে চলতি বছর ত্বকের ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে পারে বলেও প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

গবেষণা প্রতিবেদনের তথ্যমতে, প্রতি ১০ জন পুরুষের মধ্যে চার জনের পিঠ, বুক ও পেটে মেলানোমা ধরনের ত্বক ক্যান্সার দেখা দেয়। বছরে প্রায় তিন হাজার ৭০০ পুরুষ এই ক্যান্সারে আক্রান্ত হন। ত্বকের সবচেয়ে বিপজ্জনক ক্যান্সার হলো মেলানোমা।

অন্যদিকে, ৩৫ শতাংশ নারীর কোমর থেকে পা পর্যন্ত অংশে এ ক্যান্সার দেখা দেয়। প্রতি বছর প্রায় তিন হাজার ২০০ নারী এতে আক্রান্ত হন।

গবেষকরা মনে করেন, নারী-পুরুষের আচরণগত পার্থক্যের কারণেই এ ভিন্নতা দেখা দেয়। উদাহরণস্বরূপ, পুরুষরা প্রায়ই রোদে শার্ট ছাড়াই বের হন, আর নারীরা গরমকালে শর্টস বা স্কার্ট পরতে পছন্দ করেন।

গবেষণায় দেখা গেছে, সূর্যের অতিবেগুনি রশ্মির সংস্পর্শে আসার কারণেই ৮৭ শতাংশ মেলানোমা ক্যান্সার হয়। যুক্তরাজ্যে প্রতি বছর গড়ে প্রায় ১৭ হাজার মানুষ এতে আক্রান্ত হন।

‘মেলানোমা’ শব্দের অর্থ ‘কালো টিউমার’। এটি দ্রুত বৃদ্ধি পায় এবং শরীরের যেকোনো অঙ্গে ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখে।

সিআরইউকের তথ্যানুসারে, গত বছর যুক্তরাজ্যে মেলানোমা আক্রান্তের সংখ্যা রেকর্ড উচ্চতায় পৌঁছায়। ২০০৭-০৯ সাল থেকে ২০১৭-১৯ সালের মধ্যে নতুন রোগীর হার প্রায় এক-চতুর্থাংশ বেড়ে প্রতি লাখে ২১ জন থেকে ২৮ জনে পৌঁছেছে।

আশি বছরের বেশি বয়সীদের মধ্যে মেলানোমার হার ৫৭ শতাংশ এবং ২৫ থেকে ৪৯ বছর বয়সীদের মধ্যে সাত শতাংশ বেড়েছে। সিআরইউকের অনুমান, চলতি বছর এ সংখ্যা ২১ হাজার ৩০০ জনে পৌঁছাতে পারে।

সিআরইউকের প্রধান নির্বাহী মিশেল মিচেল বলেন, ‘গবেষণার অগ্রগতির ফলে ত্বকের ক্যান্সারে আক্রান্তদের বেঁচে থাকার হার বাড়ছে। তবে মেলানোমায় আক্রান্তের সংখ্যা বাড়ছে, বিশেষ করে পুরুষদের মধ্যে। এটা উদ্বেগজনক।’

বিশেষজ্ঞদের পরামর্শ

ত্বকের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, প্রতিরোধই এ ব্যাধি থেকে বাঁচার সর্বোত্তম উপায়।

ত্বকে নতুন কোনো তিল, তিলের আকার বা রঙের পরিবর্তন, অথবা অস্বাভাবিক কোনো দাগ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন মিশেল মিচেল। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় হলে প্রাণ বাঁচানো সম্ভব।

সিআরইউকের স্বাস্থ্যবিষয়ক তথ্য বিভাগের প্রধান ফিয়োনা ওসগুন এ বিষয়ে বেশ কিছু পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘আবহাওয়া গরম হলে রোদে সাবধানে থাকতে হবে। প্রতি কয়েক বছর পরপর রোদে পুড়ে গেলেই মেলানোমার ঝুঁকি তিনগুণ বেড়ে যায়। শুধু গরম নয়—রোদেলা যেকোনো দিনেই, এমনকি মেঘলা বা শীতল দিনেও, সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের ক্ষতি করতে পারে।’

তিনি আরও জানান, যুক্তরাজ্যে মার্চ থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত অতিবেগুনি রশ্মি ক্ষতিকর মাত্রায় থাকে।

ফিয়োনার পরামর্শ অনুযায়ী, কিছু সহজ পদ্ধতি অনুসরণ করলে ঝুঁকি কমানো সম্ভব। যেমন—সকাল ১১টা থেকে ৩টার মধ্যে ছায়ায় থাকা, সান হ্যাট ও সানগ্লাসসহ এমন পোশাক পরা যাতে ত্বক ঢাকা থাকে, এবং অন্তত এসপিএফ ৩০ ও চার বা পাঁচ তারকা মানের সানস্ক্রিন ব্যবহার করা।

ইংল্যান্ডের জাতীয় স্বাস্থ্য সংস্থার ক্যান্সার বিষয়ক পরিচালক অধ্যাপক পিটার জনসন বলেন, ‘ত্বকের ক্যান্সারের ক্ষেত্রে প্রতিরোধই সবচেয়ে ভালো উপায়। সূর্যের রশ্মি তীব্র হলে বাইরে যাওয়া এড়িয়ে চলুন এবং সানস্ক্রিন ব্যবহার করুন। কোনো উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হন। কারণ, প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় হলে তা প্রতিরোধযোগ্য।’

এমআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক