উন্নত চিকিৎসার জন্য আরও সাত জুলাই যোদ্ধা গেলেন থাইল্যান্ডে
মেডিভয়েস রিপোর্ট: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত আরও সাত জুলাই যোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার (২০ মে) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের থাইল্যান্ডের উদ্দেশে পাঠানো হয়। সেখানে একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা গ্রহণ করবেন তারা।
সকাল সাড়ে ৮টায় অ্যাম্বুলেন্স আহতদের বিমানবন্দরে আনা হয়। এ সময় তাদের বিদায় জানাতে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব ডা. মো. জহিরুল ইসলাম, বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা ডা. শামীমা সুলতানা এবং ছাত্র প্রতিনিধি নাদিয়া, নুসরাত ও ইমরান।
স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত যোদ্ধা ও তাদের পরিবার দ্রুত সুস্থ হয়ে দেশের মাটিতে ফিরে আসতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আগামীতে আরও ২০ জনের বেশি আহত যোদ্ধাকে বিদেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
আহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) থেকে এক, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতাল (নিন্স) থেকে তিন এবং সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে দুইজন রয়েছেন।
এর মধ্যে বিএমইউতে চিকিৎসাধীন আব্দুল জব্বারের মূত্রথলির পাশে এখনো একটি বুলেট রয়ে গেছে। সিএমএইচের আশরাফুল পুরোপুরি প্যারালাইজড হয়ে পড়েছেন। তিনি ৫ আগস্ট যাত্রাবাড়ি এলাকায় আন্দোলনে অংশ নিয়ে গুরুতর আহত হন। আর নিন্সে আহতদের এক তরুণের বাম পা প্যারালাইজড হয়ে গেছে। অন্যরা সবাই স্নায়বিক জটিলতায় ভুগছেন, যা তাদের স্বাভাবিক চলাচলের সক্ষমতা ক্ষুণ্ন করেছে।
এ নিয়ে উন্নত চিকিৎসার জন্য মোট ৪৭ জুলাই যোদ্ধাকে বিদেশে পাঠানো হয়েছে। তাদের অনেকেই চিকিৎসা শেষে দেশে ফিরে এসেছেন। সর্বশেষ মুখের পুনর্গঠন সার্জারির প্রথম ধাপ সম্পন্ন করে গত ৭ মে রাশিয়া থেকে দেশে ফিরে আসেন আলোচিত জুলাই যোদ্ধা খোকন চন্দ্র বর্মন।
এনএআর/
-
০১ জুলাই, ২০২৬
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ
-
২৫ অগাস্ট, ২০২৫
ট্রাইব্যুনালে চিকিৎসকের জবানবন্দি
অভ্যুত্থানে এক চোখ অন্ধ হয়েছে ৪৯৩ জনের, ১১ জন হারিয়েছেন দুই চোখ
-
২২ অগাস্ট, ২০২৫
-
০৯ অগাস্ট, ২০২৫
-
১৮ জুলাই, ২০২৫