পাঁচ চিকিৎসকের বিদেশ প্রশিক্ষণ সফরে সরকারের অনুমোদন
মেডিভয়েস রিপোর্ট: দেশের পাঁচ চিকিৎসকের আন্তর্জাতিক প্রশিক্ষণ সফরের অনুমোদন দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সোমবার (১৯ মে) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সরকারি আদেশ প্রকাশ করা হয়।
মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের প্রসাশন-১ শাখার সিনিয়র সহকারী সচিব সুজিত দেবনাথ স্বাক্ষরিত এক সরকারি আদেশে এসব তথ্য জানানো হয়।
সরকারি আদেশে বলা হয়েছে, চিকিৎসা খাতে আন্তর্জাতিক মানোন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশের পাচঁজন চিকিৎসককে বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও সম্নেলনে অংশগ্রহনের জন্য সরকারের পক্ষ থেকে অনুমোদন দেওয়া হয়েছে।
আগামী ২৩ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত তুরস্কে আয়োজিত ‘উন্নত লালা গ্রন্থির এন্ডোস্কোপিক পরীক্ষা (অ্যাডভান্সড সায়ালেন্ডোস্কোপি)’ প্রশিক্ষনে অংশ নিতে যাচ্ছেন শের-ই-বাংলা মেডিকেল কলেজের ইএনটি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ শহরিয়ার আরাফাত।
যুক্তরাজ্যে অনুষ্ঠিতব্য ‘প্রসূতি ও স্ত্রীরোগবিষয়ক আরসিওজির বিশ্ব কংগ্রেসে (দ্য আরসিওজির ওয়ার্ল্ড কংগ্রেস ইন অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনেকোলজি)’ অংশ নিতে যাচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ওএসডি, প্রেষণ) গাইনী ও অবস বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. তাহমিনা আহমেদ ন্যান্সি। সম্মেলনটি অনুষ্ঠিত হবে আগামী ২৩ থেকে ২৫ জুন পর্যন্ত।
শ্রীলঙ্কায় আয়োজিত হতে যাওয়া ‘ফার্স্ট ডব্লিউএফএমইডিইউ সাউথ এশিয়ান এক্সপার্টস মিটিং অ্যান্ড ওয়ার্কশপে (প্রথম ডব্লিউএফএমইডিইউ দক্ষিণ এশীয় বিশেষজ্ঞ সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা)’ অংশ নিতে ঢাকা ছাড়বেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত গাইনী ও অবস বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. আয়েশা সিদ্দিকা। কর্মশালাটি অনুষ্ঠিত হবে আগামী ৮ থেকে ১৬ জুন পর্যন্ত।
এছাড়া, চীনে আয়োজিত ‘ক্লিনিকেল ফেলোশিপে’ অংশ নিতে যাচ্ছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতালের সহকারী অধ্যাপক (নিউরোট্রমা) ডা. মো. ফারহাদ আহমেদ এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেসিডেন্ট সার্জন (নিউরোট্রমা সার্জারি) ডা. মো. শাহনেওয়াজ বিশ্বাস। অনুষ্ঠিত ফেলোশিপটি আগামী ২৫ মে পর্যন্ত চলবে।
এই আন্তর্জাতিক প্রশিক্ষণ বা কর্মশালাগুলো চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি চিকিৎসা অভিজ্ঞতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এমআই/