ডিএনসিসির হিটস্ট্রোক সেন্টার উদ্বোধন, মিলবে বিনামূল্যে চিকিৎসা
মেডিভয়েস রিপোর্ট: তীব্র তাপদাহ মোকাবিলায় মসজিদের প্রধান কক্ষ এবং অজুখানা জনসাধারণের জন্য উন্মুক্ত রাখতে নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। মসজিদ কমিটির মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করতে সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের এই নির্দেশ দিয়েছেন তিনি। একই সাথে মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে চালু করা হয়েছে হিটস্ট্রোক সেন্টার।
আজ সোমবার (১২ মে) ডিএনসিসির জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ১১টা থেকে মাগরিবের নামাজ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করে মসজিদের প্রধান কক্ষ এবং অজুখানা জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
হিটস্ট্রোক সেন্টার চালুর তথ্য জানিয়ে এতে বলা হয়, বর্তমান চলমান তাপপ্রবাহ মোকাবিলায় হিটস্ট্রোকে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ২৫ শয্যাবিশিষ্ট হিটস্ট্রোক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। এখানে তাপজনিত অসুস্থতায় আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা বিনামূল্যে দেওয়া হবে।
হিটস্ট্রোক সেন্টারের উদ্বোধনকালে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী বলেন, তাপপ্রবাহ চলাকালীন তাপজনিত অসুস্থতায় আক্রান্ত রোগীর সংখ্যা বেশি হলে প্রয়োজনে শয্যা সংখ্যাও বাড়ানো যাবে। হাসপাতালটির দ্বিতীয় তলায় নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ব্যবস্থা আছে। জটিলতা দেখা দিলে রোগীদের স্থানান্তরের ব্যবস্থা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পাঁচটি অ্যাম্বুলেন্স রয়েছে, নাগরিকরা তাদের প্রয়োজনে ফোন করে অ্যাম্বুলেন্স সেবা গ্রহণ করতে পারবে।
ডিএনসিসি জানিয়েছে, হিটস্ট্রোকে আক্রান্ত উত্তর সিটি কর্পোরেশনের নাগরিকরা জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ যোগাযোগ করে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন।
এমআই/এনএআর/
-
০২ জুলাই, ২০২৫
-
২৩ এপ্রিল, ২০২৫
-
১৫ ফেব্রুয়ারী, ২০২৫
-
০৭ এপ্রিল, ২০২৪
-
০৪ এপ্রিল, ২০২৪
-
১৪ অক্টোবর, ২০২৩