মেঘনা উপকূলীয় চরাঞ্চলে ভাসমান হাসপাতাল উদ্বোধন
মেডিভয়েস রিপোর্ট: চাঁদপুরে মূল জনপদ থেকে মেঘনা নদীতে বিচ্ছিন্ন দূর্গম চরাঞ্চলবাসীর চিকিৎসা সেবা প্রদানে বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের নামে ভ্রাম্যমান ভাসমান হাসপাতাল চালু হয়েছে। এটি পরিচালনা করছে ফ্রেন্ডশীপ নামে বেসরকারি উন্নয়ন সংস্থা। যেখানে মিলছে সবধরণের স্বাস্থ্যসেবা।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে হাইমচর উপজেলার মেঘনা নদীর পশ্চিমপাড়ে চরে প্রধান অতিথি হিসেবে ভাসমান হাসপাতাল উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা সচিব মো. সাইদুর রহমান।
সাইদুর রহমান বলেন, ‘নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চলে স্বাস্থ্যসেবা পাওয়া যায় না। এ স্বাস্থ্যসেবা সৃষ্টি করার লক্ষ্যেই বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের নামে ভ্রাম্যমাণ ভাসমান হাসপাতাল কার্যক্রম শুরু হয়। সব মানুষ যাতে চিকিৎসাসেবা পায় পরিকল্পিতভাবে আমাদের কার্যক্রম সে ভাবেই চলছে।’
উপস্থিত চরবাসি বলেন, এর আগে ঝড়বৃষ্টি মাথায় নিয়ে উত্তাল মেঘনা পাড়ি দিয়ে জেলা শহর কিংবা রোগের ধরণ দেখে ছুটতে হতো রাজধানী পর্যন্ত। তাও যাদের আর্থিক সামর্থ্য ছিল শুধু তারা চিকিৎসা নিতে পারত। আমাদের ব্যয়বহুল চিকিৎসা নেওয়া সম্ভব না। এখানে ভাসমান হাসপাতাল হওয়ায় খুব উপকার পেয়েছি। বিনামূল্যে চক্ষু সেবা পেয়েছি। এক টাকাও লাগেনি।
ফ্রেন্ডশিপ বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা রুনা খান জানান, ‘প্রতিদিন ১৫০-২০০ রোগী ভাসমান এই হাসপাতালে চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ পাচ্ছেন। সাতজন চিকিৎসকসহ ৩২ সদস্যের টিম ভ্রাম্যমাণ ভাসমান হাসপাতালটিতে স্বাস্থ্য সেবা দিচ্ছে। হাইমচর উপজেলাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে প্রায় ৩২ লাখ মানুষের চিকিৎসা নিশ্চিত করতে এই কাজ করবে প্রকল্পটি।’
অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, কিং আব্দুল্লাহ হিউম্যানিটিরিয়ান ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সোলায়মান আব্দুল আজিজ, চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ সৌদি সরকারের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
এসএইচবি/
-
০৬ সেপ্টেম্বর, ২০২২