১৩ মার্চ, ২০২৫ ১১:২১ এএম
আদালতের রায়ে স্বস্তি

মেডিকেল শিক্ষার্থী-চিকিৎসকদের ৪৮ ঘণ্টার কর্মসূচি স্থগিত

মেডিকেল শিক্ষার্থী-চিকিৎসকদের ৪৮ ঘণ্টার কর্মসূচি স্থগিত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ডাক্তার পদবি নিয়ে রায়ে সন্তুষ্ট চিকিৎসক ও শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে চলমান সকল কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন। একই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অন্য দাবিগুলোর সুনির্দিষ্ট অগ্রগতি জানানোর আহ্বান জানিয়েছেন তারা। বুধবার (১২ মার্চ ) এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘বাংলাদেশের আপামর জনসাধারণকে অপচিকিৎসার হাত থেকে রক্ষা, স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং চিকিৎসা পেশার মর্যাদা রক্ষায় চিকিৎসক সমাজ পাঁচ দফা দাবিতে বিগত বেশ কিছুদিন যাবৎ লাগাতার বিভিন্ন কর্মসূচি পালন করেছে। বুধবার (১২ মার্চ) ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রায়ের মাধ্যমে চিকিৎসকরা ন্যায়সঙ্গত রায় পেয়েছেন এবং সাধারণ মানুষ অপচিকিৎসার হাত থেকে রক্ষা পেয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বুধবার রায়ের মধ্য দিয়ে প্রধান দাবিটি বাস্তবায়িত হয়েছে। বাকি দাবিগুলোর ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় সুর্নির্দিষ্ট অগ্রগতি করেছে মর্মে চিকিৎসক ও শিক্ষার্থীদের সংগঠনগুলো চলমান কর্মবিরতি প্রত্যাহার করছে।

একই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অন্য দাবিগুলোর সুনির্দিষ্ট অগ্রগতির আহ্বান জানানো হয়। অন্যথায় পুনরায় কঠোর কর্মসূচি প্রদান করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন চিকিৎসক-শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, নামের আগে ডাক্তার পদবি ব্যবহারসহ পাঁচ দফা দাবিতে দুই সপ্তাহের অধিক সময় ধরে চলা আন্দোলনের কারণে একদিকে যেমন স্বাস্থ্যখাতে স্থবিরতা তৈরি হয়েছে, তেমনি সাধারণ জনগণের স্বাস্থ্যসেবাও ব্যাহত হয়েছে। এ ছাড়া দাবি আদায়ে চিকিৎসকদের কর্মবিরতি কারণে রমজান মাসে রোগীদের নানাবিধ দুর্ভোগ পোহাতে হয়েছে। বিষয়টি সমাধানে বিভিন্ন সিভিল সোসাইটি, চিকিৎসক ও শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠন, চিকিৎসকদের জাতীয় পর্যায়ের পেশাজীবী সংগঠনগুলোর সাথে একাধিকবার সামনাসামনি ও অনলাইনে নানাবিধ সভার আয়োজন করেছে চিকিৎসক ও শিক্ষার্থীরা।

এমতাবস্থায় সার্বিক বিবেচনায় চলমান কর্মবিরতি প্রত্যাহার এবং একইসঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পাঁচ দফা সংক্রান্ত দাবিগুলোর সুনির্দিষ্ট অগ্রগতি জানানোর আহ্বান করেছে চিকিৎসক ও শিক্ষার্থীদের সংগঠনগুলো।

এসএইচবি/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত