২৬ ফেব্রুয়ারী, ২০২৫ ১১:৪৬ এএম

রেটিনা ক্লিনিকসহ তিন স্পেশাল সেবা চালু হলো ওএসবি হাসপাতালে

রেটিনা ক্লিনিকসহ তিন স্পেশাল সেবা চালু হলো ওএসবি হাসপাতালে
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চোখের চিকিৎসায় গ্লুকোমা ক্লিনিক, রেটিনা ক্লিনিক ও পেডিয়াট্রিক অফথালমোলজি ক্লিনিক সেবা চালু করেছে অফথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওএসবি) হাসপাতাল। নতুন এই তিন সেবা চালুর ফলে ডায়াবেটিস আক্রান্ত চক্ষু রোগী এবং শিশুরাও আরও দ্রুত ও আন্তর্জাতিক মানের উন্নত চিকিৎসা সেবা পাবেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে ওএসবি হাসপাতালে এই তিন সাবস্পেশালিটি কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. এম এ হাদী ফকির।

তিনি বলেন, ওএসবিতে তিনটি সাবস্পেশালিটি উদ্বোধন করার ফলে চোখের আধুনিক চিকিৎসাসেবার মান আরও গতিশীল হবে।

ডা. এম এ হাদী বলেন, জনগণ যেন উপকৃত হয় সেদিকে খেয়াল রাখতে হবে। শুধু মেশিন স্থাপন আর টেকনিশিয়ান নিয়োগ দিলেই হবে না। দক্ষ শিক্ষক এবং চিকিৎসক যেন থাকে। যাতে মানুষ যথাযথভাবে চোখের চিকিৎসাসেবা গ্রহণ করতে পারে। পাশাপাশি ওএসবি যাতে প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

অনুষ্ঠানে ওএসবির আহ্বায়ক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. শাহিনুর রহমান, অধ্যাপক ডা. সাজিদ আব্দুল খালেক, মেম্বার সেক্রেটারি ডা. মো. জিন্নু রেইন, ট্রেজারার ডা. সৈয়দ মেহবুব উল কাদির, সদস্য ডা. মো. আবদুর রশিদ, অধ্যাপক ডা. মিজানুর রহমান মিয়া ও অধ্যাপক ডা. এম নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত