১৮ ফেব্রুয়ারী, ২০২৫ ০৮:০০ পিএম

নিউরোসায়েন্সেসের নতুন পরিচালক ডা. কাজী গিয়াস উদ্দিন 

নিউরোসায়েন্সেসের নতুন পরিচালক ডা. কাজী গিয়াস উদ্দিন 
অধ্যাপক ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিন্স) ও হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদ।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে। তিনি অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের স্থলাভিষিক্ত হলেন।

স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখার উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার সার্ভিসের ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদকে (৪১৩৪৭) ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) বদলি/পদায়ন করা হলো।’

পদায়নের অনুভূতি জানিয়ে অধ্যাপক ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদ আজ সন্ধ্যায় মেডিভয়েসকে বলেন, ‘আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। এই দায়িত্ব একটি বিশাল চ্যালেঞ্জ। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের একটি স্বনামধন্য স্বাস্থ্য প্রতিষ্ঠান। এর মান ধরে রাখতে হবে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা দরকার।’

‘রাষ্ট্র নিশ্চয় অনেক চিন্তা-ভাবনা করে আমাকে এখানে পদায়ন করেছে। এ ক্ষেত্রে কর্তৃপক্ষ জ্যেষ্ঠতা, যোগ্যতা, কর্তব্য পরায়নতা বিবেচনায় নিয়েছেন। আমি দীর্ঘ ছয় বছর ধরে ঢামেকের নিউরোলজি বিভাগের প্রধান হিসেবে কাজ করছি। কাজেই সব দিক বিবেচনা করেই উনারা আমাকে যোগ্য মনে করেছেন’—যোগ করেন তিনি।

নিন্সের নবনিযুক্ত পরিচালক বলেন, ‘এ ধরনের একটি অর্ডার হলো, আমার কোনো মুভমেন্টই করা লাগেনি। কোনো তদবিরই করতে হয়নি। কর্তৃপক্ষ যে আমাকে মনোনীত করেছেন, এজন্য তাঁদেরকে গভীর কৃতজ্ঞতা জানাই।’

এর আগে চিকিৎসকদের আন্দোলনের মুখে নিউরোসায়েন্সেস (নিন্স) ও হাসপাতালের পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক কাজী দীন মোহাম্মদ।

তিনি ২০১২ সালে প্রতিষ্ঠার পর থেকে নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আওয়ামী শাসনামলে নিয়মিত চাকরির মেয়াদ শেষ হলেও দফায় দফায় তাকে চুক্তিভিত্তিতে রাখা হয়।

গত চার মাসে আগে নিউরোসায়েন্সেস হাসপাতাল থেকে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নেতা অধ্যাপক ডা. গুরুদাস মন্ডলকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়। সম্প্রতি তাঁকে আবার নিন্সে ফিরিয়ে আনা হলে এ নিয়ে চিকিৎসকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

এই আদেশের প্রতিবাদ ও বাতিলের দাবিতে বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালের ৪০২ কক্ষে কর্মসূচিতে মিলিত হন চিকিৎসকরা। সেখানে চতুর্থ শ্রেণীর কর্মচারী আউটসোর্সিংয়ের লোকজন তাঁদের অবরুদ্ধ করে হামলা চালায়। হামলায় তিন চিকিৎসকসহ ১০ জন আহত হন।

হামলাকারীরা নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের অনুগত বলে অভিযোগ উঠে।

এর প্রতিবাদে জরুরি ও বহির্বিভাগের সেবা চালু রেখে হাসপাতালের নিয়মিত অস্ত্রোপচার বন্ধ ঘোষণা করেন চিকিৎসকরা। পরিচালক ডা. কাজী দীন মোহাম্মদ ও যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলমকে অপসারণ না করা হলে আরও বড় কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন তাঁরা।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত