শেবাচিমে আন্তঃমেডিকেল বিতর্কে চ্যাম্পিয়ন ঢামেক, রানার আপ চমেক
মেডিভয়েস রিপোর্ট: শের-ই-বাংলা মেডিকেল কলেজ ডিবেটিং ফোরামের (এসবিএমসিডিএফ) উদ্যোগে হয়ে গেল প্রথম জাতীয় আন্তঃমেডিকেল বিতর্ক প্রতিযোগিতা। গত ১৩ ফেব্রুয়ারি কলেজের নাসিমুজ্জামান মেহেদী অডিটরিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় সারাদেশের ২০টি মেডিকেল কলেজ থেকে সর্বমোট ২৬টি দল অংশগ্রহণ করে।
গত ৭ ও ১০ ফেব্রুয়ারি অনলাইনে প্রাথমিক পর্ব ও কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় গত ১৩ ফেব্রুয়ারি শেবাচিমে দিনব্যাপী এ আয়োজনে সেমি-ফাইনাল, ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও চট্টগ্রাম মেডিকেল কলেজের মধ্যে সেমিফাইনাল পর্বের প্রতিদ্বন্দ্বিতা হয়। আয়োজনে ফাইনাল পর্বে ঢাকা মেডিকেল কলেজ ও চট্টগ্রাম মেডিকেল প্রতিদ্বন্দ্বিতা করে।
ফাইনালে ‘এই সংসদ একজন নবীন ডাক্তার হিসেবে বাংলাদেশে প্র্যাকটিস করবে না’—প্রস্তাবনার পক্ষে-বিপক্ষে বিতর্ক হয়। এতে চ্যাম্পিয়ন হয় ঢাকা মেডিকেল কলেজ এবং রানার আপ হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ।
প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক হন তাসদিদ ইসলাম তুরাব, ফারহান ফুয়াদ চৌধুরী এবং মিসবাহ উজ জামাল।
একই দিনে শের-ই-বাংলা মেডিকেল কলেজের নবীন শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা এবং বারোয়ারী বিতর্কও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শের-ই-বাংলা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. শফিকুল ইসলাম, উপাধ্যক্ষ ও মডারেটর ডা. মো. রেফায়েতুল হায়দার, শেবাচিম শিক্ষক সমিতির সভাপতি ডা. কামরুদ্দোজা হাফিজুল্লাহ, মডারেটর ডা. অহিদা সুলতানা, মডারেটর ডা. এফ আর খান, অধ্যাপক ডা. হানিফ হাওলাদার, ডা. চন্দনা সরকার, ডা. এ এন এম মাইনুল ইসলাম, ডা. আবিদা সুলতানা প্রমুখ।