১১ ফেব্রুয়ারী, ২০২৫ ০২:১২ পিএম

দ্রুত ফল প্রকাশ করে সাপ্লি আয়োজনের দাবি ঢাবির ফাইনাল প্রফ পরীক্ষার্থীদের

দ্রুত ফল প্রকাশ করে সাপ্লি আয়োজনের দাবি ঢাবির ফাইনাল প্রফ পরীক্ষার্থীদের
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দ্রুত চূড়ান্ত পেশাগত পরীক্ষার ফলাফল প্রকাশের দাবি জানিয়েছেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। একই সাথে আগামী মার্চ মাসে সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

রোববার (৯ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী বরাবর এক আবেদনে এ দাবি জানিয়েছেন তারা।

আবেদনপত্রে নিজেদের ‘বৈষম্যের শিকার’ দাবি করে বলা হয়, ‘আমাদের তৃতীয় পেশাগত পরীক্ষার সাপ্লিমেন্টারি আলাদাভাবে না হয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের নিয়মিত তৃতীয় পেশাগত পরীক্ষার সাথে অনুষ্ঠিত হয়েছিল, যা আমাদের আলাদা সাপ্লিমেন্টারি পাওয়ার অধিকারকে ক্ষুণ্ণ করে। এ ঘটনার পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা করছি।’

শিক্ষার্থীরা আবেদনপত্রে আরও লিখেছেন, ‘নিয়মতান্ত্রিকভাবে আমরা একটি সাপ্লিমেন্টারি পাওয়ার দাবিদার। অন্যথায় আমাদের জন্য চরম বৈষম্যের হবে। কেননা, অন্য বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মেডিকেল কলেজের সহপাঠীরা আমাদের থেকে ছয় মাস এগিয়ে রয়েছে। এ জন্য দ্রুত ফলাফল প্রকাশ করে যথাশীঘ্র একটি সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজন খুবই জরুরি।’

দ্রুত চূড়ান্ত পেশাগত পরীক্ষার ফলাফল প্রকাশ করে মার্চ মাসেই সাপ্লিমেন্টারি আয়োজনের দাবি জানানো হয়েছে আবেদনপত্রে।

এমআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত