২২ জানুয়ারী, ২০২৫ ১০:০০ এএম

পানিতে ডুবে বছরে ১৪ হাজারের বেশি শিশুর মৃত্যু

পানিতে ডুবে বছরে ১৪ হাজারের বেশি শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: পানিতে ডুবে দেশে প্রতি বছর ১৪ হাজারেরও বেশি শিশুর মৃত্যু হয়। বছরে যে সময়গুলোতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে, সে সময়ে এমন মৃত্যুর ঘটনা বেড়ে যায়। এর মধ্যে পানিতে ডোবার ঘটনা সবচেয়ে বেশি ঘটে সকাল থেকে দুপুর পর্যন্ত।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর গুলশানের একটি হোটেলে পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালায় স্বাস্থ্য অধিদপ্তরের বরাত দিয়ে বক্তারা এসব কথা বলেন। ইউনিসেফ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহায়তায় আঘাত প্রতিরোধ ও গবেষণা সেন্টার (সিআইপিআরবি) এই কর্মশালার আয়োজন করে।

এ সময় আয়োজকরা জানান, পানিতে ডুবে সবচেয়ে বেশি মারা যায় এক থেকে চার বছর বয়সী শিশু। দ্বিতীয় ঝুঁকিপূর্ণ বয়স হলো পাঁচ থেকে নয় বছর। বাংলাদেশে এক থেকে ১৭ বছরের শিশুদের অপমৃত্যুর প্রধান কারণ পানিতে ডুবে মৃত্যু, যা নিউমোনিয়া, অপুষ্টি ও কলেরায় ভুগে মৃত্যুর চেয়েও বেশি।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইউনিসেফ বাংলাদেশের অফিসার ইনচার্জ এবং চাইল্ড প্রোটেকশন চিফ ড. এলিসা কল্পনা। তিনি বলেন, পানিতে ডুবে মৃত্যু একটি বৈশ্বিক স্বাস্থ্যগত বিষয়। বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ায় পানিতে ডুবে শিশুমৃত্যু বেশি। এটি প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মেয়েশিশুরা যেহেতু বেশি সুবিধাবঞ্চিত, তাই তাদের এ ক্ষেত্রে সম্পৃক্ত করতে মনোযোগী হতে হবে।

পানিতে ডুবে শিশুমৃত্যুর বিষয়টি নিয়ে সচেতনতা একদমই নেই উল্লেখ করে ইউনিসেফের চাইল্ড প্রোটেকশন স্পেশালিস্ট মনিরা হাসান বলেন, পানিতে ডুবে মৃত্যু একটি নীরব ঘাতক। এটি প্রতিরোধে মানুষকে সচেতন হতে হবে।

কর্মশালায় জানানো হয়, সিআইপিআরবি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ শিশু একাডেমি এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘সুইমসেফ’ প্রোগ্রাম পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে শিশু ও কিশোর-কিশোরীদের জীবন রক্ষাকারী দক্ষতা শেখানো হচ্ছে। এই প্রোগ্রামের আওতায় দেশের ২৫ জেলায় ছয় লাখের বেশি শিশুকে সাঁতার শেখানো হয়েছে। ১০ হাজার কমিউনিটি ভলান্টিয়ারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং লক্ষাধিক অভিভাবক ও তত্ত্বাবধায়ককে সচেতন করা হয়েছে।

সিআইপিআরবির নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. এ কে এম ফজলুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. শিব্বির আহমেদ ওসমানী, শিশু একাডেমির আইসিবিসি প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার তারিকুল ইসলাম চৌধুরী প্রমুখ। সুইমসেফ প্রকল্পের মাধ্যমে সাঁতার শেখা শিশু ও কমিউনিটি ভলান্টিয়াররা কর্মশালায় অংশ নেন। তাঁরা কর্মশালার স্থলের সুইমিংপুলে পানিতে পড়ে যাওয়া শিশু উদ্ধার এবং তার জীবন রক্ষায় করণীয় কৌশল উপস্থাপন করেন।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক