১৪ জানুয়ারী, ২০২৫ ০৪:১৩ পিএম

গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের নামের তালিকা জানুয়ারিতেই

গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের নামের তালিকা জানুয়ারিতেই
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জুলাইয়ের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নাম তালিকাভুক্ত করতে সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি ক্ষুদেবার্তা পাঠানো হয়েছে সর্বসাধারণের মুঠোফোনে।

রোববার (১২ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এই ক্ষুদেবার্তা পাঠানো হয়। মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও বিষয়টি প্রকাশ করা হয়েছে।

ক্ষুদেবার্তায় বলা হয়েছে, গণঅভ্যুত্থানে শহীদ ও আহতের নাম তালিকাভুক্ত করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন বা গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল বরাবর ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।

এর আগে, গত ২১ ডিসেম্বর গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করে তথ্য অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে প্রতিপক্ষের আক্রমণে শহীদ বা আহত হয়েছেন এমন ব্যক্তিদের নামের তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, ৬৪ জেলায় গঠিত জেলা কমিটি এবং গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল নিরলস কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে শহীদ এবং আহত ব্যক্তিদের তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে প্রথম ধাপের খসড়া তালিকা গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। 

প্রকাশিত খসড়া তালিকায় ৮৫৮ জনকে শহীদ এবং ১১ হাজার ৫৫১ জনকে আহত হিসেবে উল্লেখ করা হয়েছে। শহীদ ও আহতদের নাম চূড়ান্ত করতে বিশেষ সেল ও সংশ্লিষ্ট দপ্তরগুলো মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে বলে জানানো হয় এতে।

তথ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণ-অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখার পাশাপাশি আহতদের পুনর্বাসন ও শহীদদের পরিবারকে সহায়তা প্রদানের উদ্দেশ্যে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই শেষে জানুয়ারিতেই চূড়ান্ত তালিকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগে সর্বসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করতে আবেদন প্রক্রিয়া সহজ করা হয়েছে।

এসএইচবি/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক