০৯ জানুয়ারী, ২০২৫ ০৫:৩২ পিএম

খালেদা জিয়ার চিকিৎসক কে এই অধ্যাপক প্যাট্রিক কেনেডি?

খালেদা জিয়ার চিকিৎসক কে এই অধ্যাপক প্যাট্রিক কেনেডি?
বেগম খালেদা জিয়া ও অধ্যাপক ডা. জন প্যাট্রিক কেনেডি।

মেডিভয়েস রিপোর্ট: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর চিকিৎসা তত্ত্বাবধানে রয়েছেন বিশ্বখ্যাত লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. জন প্যাট্রিক কেনেডি।

বুধবার (৮ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদেরকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘তাঁকে (বেগম খালেদা জিয়া) অধ্যাপক ডা. জন প্যাট্রিক কেনেডির অধীনে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল আছে। তিনি লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন থাকবেন, যত দিন এখানকার চিকিৎসকেরা মনে করবেন ভর্তি থাকা প্রয়োজন।’

কে এই অধ্যাপক ডা. প্যাট্রিক কেনেডি

লন্ডন ক্লিনিকের ওয়েবসাইট এবং বিভিন্ন আন্তর্জাতিক সূত্র অনুযায়ী, অধ্যাপক ডা. প্যাট্রিক কেনেডি লিভার রোগ বিশেষজ্ঞ হিসেবে বৈশ্বিক পরিসরে সুপরিচিত।

অধ্যাপক প্যাট্রিক কেনেডি একজন লিভার বিশেষজ্ঞ এবং ফিজিশিয়ান কনসালট্যান্ট। তিনি লিভারের ভাইরাসজনিত রোগ, বিশেষ করে ক্রনিক হেপাটাইটিস বি (সিএইচবি) নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। ইউনিভার্সিটি কলেজ ডাবলিন থেকে প্রশিক্ষণ শেষে লন্ডনে পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণ সম্পন্ন করেন। ২০০৯ সালে তিনি বার্টস অ্যান্ড দ্য লন্ডন স্কুল অব মেডিসিন অ্যান্ড ডেন্টিস্ট্রিতে জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে যোগ দেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একজন বিশেষজ্ঞ উপদেষ্টা হিসেবে কাজ করার পাশাপাশি তিনি ইউরোপীয় লিভার রিসার্চ অ্যাসোসিয়েশনের এইচবিভি ক্লিনিক্যাল প্র্যাকটিস গাইডলাইন কমিটির সদস্য। তিনি ইউনাইটেড কিংডম অ্যাডভাইজরি প্যানেলের (ইউকেএপি) হয়ে রক্তের ভাইরাসজনিত রোগে বিশেষজ্ঞ মতামত দিয়ে থাকেন।

অধ্যাপক ডা. প্যাট্রিক কেনেডি লিভারের ভাইরাসজনিত রোগ নিয়ে ২০০টির বেশি গবেষণাপত্র প্রকাশ করেছেন। এর মধ্যে ৯০টির বেশি পিয়ার রিভিউড আর্টিকেল রয়েছে। তিনি হেপাটোগ্যাস্ট্রোএন্টারোলজি বিষয়ক একটি বই সম্পাদনা করেছেন। তাঁর গবেষণার মূল লক্ষ্য লিভার রোগের চিকিৎসায় নতুন থেরাপি উদ্ভাবন করা।

অধ্যাপক ডা. প্যাট্রিক কেনেডি পেশাদার ক্রীড়াবিদ এবং প্রিমিয়ার লিগ ফুটবলের ক্লাবগুলোতে লিভার রোগ নিয়ে পরামর্শ দিয়ে থাকেন। এ ছাড়া তিনি এইচবিভি অ্যান্ড মি নামে একটি অ্যাপ তৈরি করেছেন, যার মাধ্যমে রোগীদের সঙ্গে যোগাযোগ সহজতর করে স্বাস্থ্যসেবা উন্নত করার চেষ্টা চালাচ্ছেন।

লন্ডন ক্লিনিকের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, অধ্যাপক ডা. প্যাট্রিক কেনেডির একজন রোগীর প্রথম পরামর্শ ফি ৩৫০ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫২ হাজার ৫০০ টাকা। ফলোআপের জন্য ফি ধরা হয়েছে ২৫০ পাউন্ড বা প্রায় ৩৭ হাজার ৫০০ টাকা।

ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, অধ্যাপক প্যাট্রিক কেনেডির নেতৃত্বে তাঁর চিকিৎসা শুরু হয়েছে। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদ্‌রোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি ও ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

এসএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : যুক্তরাজ্য
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক