০৮ মার্চ, ২০২৫ ০৯:৫৪ পিএম

আহতদের চিকিৎসা দিতে ঢাকায় যুক্তরাজ্যের দুই চিকিৎসক

আহতদের চিকিৎসা দিতে ঢাকায় যুক্তরাজ্যের দুই চিকিৎসক
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জুলাই-আগস্টের বিপ্লবে আহত আন্দোলনকারীদের চিকিৎসা দিতে এবার ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের দুই বিশেষজ্ঞ চিকিৎসক। তারা হলেন, দেশটির বিখ্যাত মরফিল্ড আই হাসপাতালের রেটিনা বিশেষজ্ঞ ডা. মাহী মুকিত ও ডা. নিয়াজ ইসলাম।

আজ শনিবার (৮ মার্চ) সকাল থেকে এই দুই বিশেষজ্ঞ রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা দিচ্ছেন। আগামীকাল রোববারও (৯ মার্চ) আহতদের চিকিৎসা দেবেন, একই সাথে যাদের প্রয়োজন অপারেশন করবেন।

রোগীদের দেখে অভিজ্ঞতা জানতে চাইলে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ডা. নিয়াজ ইসলাম জানান, ‘রোগীদের একজনের এক সমস্যা। এখানকার চিকিৎসকরা ভালো চিকিৎসা দিয়েছেন। এখানে বড় সমস্যা দেখেছি, রোগীরা অনেক কিছু বোঝে না, বুঝতেও চায় না। আমরা তাদের বিষয়গুলো কাউন্সিলিং করার চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, ‘তার আগে একটা সমস্যা ছিল, সেটা সমাধান হয়েছে। এখন কী অবস্থায় আছে, ভবিষ্যতে কী হতে পারে? এগুলো ঠিক করে আমরা পরিকল্পনা ঠিক করছি। আমরা যার যেটা প্রয়োজন, সেই সাপোর্ট দিতে চাই। যার অপারেশন প্রয়োজন, করবো। যার নিয়মিত চিকিৎসা প্রয়োজন, করছি। তবে এটা এক-দুই দিনের বিষয় নয়। দীর্ঘদিন ফলোআপের বিষয়।’

এ প্রসঙ্গে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী পরিচালক ডা. রেজওয়ানুর রহমান সোহেল বলেন, ‘জুলাই বিপ্লবে আহত চক্ষু রোগীদের আমরা আমাদের হাসপাতালে চিকিৎসা দিয়েছি। আবার অনেককে বিদেশে চিকিৎসার জন্য পাঠিয়েছি। সিঙ্গাপুর থেকে চিকিৎসক এনেও এখানে দেখিয়েছি। আজ যুক্তরাজ্য থেকে দু’জন চিকিৎসক এসে দেখছেন। আগামীকালও তারা দেখবেন। আমরা চাই, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত এসব রোগীরা সর্বোচ্চ সেবা পাক।’

আহত মিজানুর রহমান বাদল বলেন, ‘আমি বাম চোখে দেখি না। ডান চোখে কিছুটা দেখি। দুই চোখের আশপাশে বুলেট আছে। বিদেশি চিকিৎসকরা দেখেছেন, তারা অপারেশন করবেন।’

আরও এক আহত আন্দোলনকারী ওমর ফারুক বলেন, আমার দুই চোখে ১২টা গুলি লেগেছে। দুইটা বের করা গেছে। বাকিগুলো রয়ে গেছে। ডাক্তাররা বলছেন, ‘আমার আর দৃষ্টি ফিরে পাওয়ার আশা নেই।’

এমআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক