তালিকা সংক্রান্ত তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ
গণঅভ্যুত্থানে শহীদ-আহতদের তালিকাভুক্ত হওয়ার আহ্বান
মেডিভয়েস রিপোর্ট: ২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের তালিকাভুক্ত হওয়ার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্যসেবা বিভাগের গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। শহীদ ও আহত ব্যক্তিদের চূড়ান্ত তালিকা সংক্রান্ত গণবিজ্ঞপ্তি-৩ এ আজ বুধবার (১ জানুয়ারি) এই কথা বলা হয়েছে।
এতে বলা আরও হয়েছে, ‘জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে প্রতিপক্ষের আক্রমণে যাঁরা শহীদ বা আহত হয়েছেন তাঁদের নামের প্রথম ধাপের চূড়ান্ত তালিকা ইতোমধ্যে https://medical-info.dghs.gov.bd/public ওয়েব পেজে প্রকাশ করা হয়েছে।’
এতে আরও বলা হয়, ‘গণঅভ্যুত্থানকালীন ১৫ জুলাই হতে ৫ আগস্ট ২০২৪ তারিখের মধ্যে ছাত্র-জনতার আন্দোলনে সম্পৃক্ত হয়ে প্রতিপক্ষের আক্রমণে যাঁরা শহীদ বা আহত হয়েছেন, কিন্তু উল্লিখিত প্রথম ধাপের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হননি, এমন ব্যক্তি/ব্যক্তিদের নাম তালিকাভুক্তির জন্য আবেদন আহ্বান করা যাচ্ছে।’
‘সংশ্লিষ্ট শহীদ ও আহত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, স্থায়ী ও বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, হাসপাতালে চিকিৎসা গ্রহণের প্রমাণপত্র এবং উপযুক্ত অন্যান্য কাগজপত্রসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয় অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় অথবা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অথবা গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল এর দলনেতা বরাবর আগামী ৩১ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে’—যোগ করা হয় বিজ্ঞপ্তিতে।
এমইউ/