১৬ ডিসেম্বর, ২০২৪ ০৭:০০ পিএম

চিকিৎসার নামে বছরে বিদেশে চলে যাচ্ছে ৫ বিলিয়ন ডলার: গভর্নর

চিকিৎসার নামে বছরে বিদেশে চলে যাচ্ছে ৫ বিলিয়ন ডলার: গভর্নর
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসার নামে প্রতি বছর পাঁচ বিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থ বাংলাদেশ থেকে বিদেশে চলে যায় বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। রোববার (১৫ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘আন্তঃসীমান্ত তথ্য প্রবাহ: একটি বাংলাদেশ প্রেক্ষাপট’ শীর্ষক ডাটা সংক্রান্ত এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) এই কর্মশালার আয়োজন করে। বিশ্বব্যাংকের সহযোগিতায় ‘আঞ্চলিক একীকরণে বিবিআইএনএসের (বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, শ্রীলংকা) মধ্যে আন্তঃসীমান্ত তথ্য প্রবাহ সক্ষম করা’ শীর্ষক প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় তথ্যের গুরুত্ব তুলে ধরতে গিয়ে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ‘পৃথিবীর সব দেশে এখন ধরেই নেওয়া হয় যে খনির চেয়ে ডাটাকে (তথ্য) মাইনিং করে যে খনিটা হয়, সেটার দাম অনেক বেশি। কয়লা খনি বা তেল খনির চেয়ে ডাটা খনি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের ডাটাগুলো কাগজে-কলমে থেকে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। এগুলোর কোনো মূল্য আমরা নিশ্চিত করতে পারছি না।’

এ সময় দেশে তথ্য সংরক্ষণের কোনো নীতি নেই বলে উল্লেখ করে তিনি। বলেন, ‘বাংলাদেশে এখনো স্বদেশী ক্লাউড সেবাগুলো তেমন উন্নতি করতে পারেনি। এটা ছাড়া আমরা তথ্য সংরক্ষণ করতে পারব না। সেটা চিকিৎসা খাত হোক, পর্যটন হোক কিংবা অর্থনীতির অন্য কোনো খাত হোক। আমাদের আইনগতভাবে কাজ করতে হবে।’

স্থানীয় নীতিগুলো মানানসই না করা হলে তথ্যের ব্যবহার করা যাবে না উল্লেখ করে গভর্নর বলেন, ‘বিদেশে চিকিৎসায় প্রতি বছর বাংলাদেশ থেকে ৪-৫ বিলিয়ন ডলার চলে যায়। কিন্তু তারা সেই টাকা কোথায় খরচ করেন আমরা জানি না। অনেকে পর্যটন ভিসায় বিদেশে গিয়ে ডাক্তার দেখান।’

তিনি বলেন, ‘আমরা গবেষণা করতে পারছি না। কারণ ‘বিগ ডাটা’ আমাদের কাছে নেই। যদি থাকত, তাহলে কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আমরা বুঝতে পারতাম যে কোনটি বেশি কার্যকর।’

পিআরআইয়ের চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. জায়েদি সাত্তারের সঞ্চালনায় কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্বব্যাংকের ডিজিটাল উন্নয়ন বিশেষজ্ঞ নিধি পারেখ। এ ছাড়া পিআরআই প্রধান অর্থনীতিবিদ ড. আশিকুর রহমানও প্রবন্ধ উপস্থাপন করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পিআরআইয়ের গবেষণা পরিচালক বজলুল হক খন্দকার, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক মহিবুল ইসলাম, ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. সাব্বির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক