শেবাচিমে ছাত্রলীগ মনোনীত কমিটি চলমান, ক্লাবগুলোতে রিফর্ম প্রত্যাশীদের তালা
মেডিভয়েস রিপোর্ট: বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) তিনটি ক্লাবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মনোনীত কমিটি চলমান থাকায় ক্লাবগুলোতে তালা দিয়েছে রিফর্ম দাবি করা শেবাচিমের শিক্ষার্থীরা। ক্লাবগুলো হলো - সন্ধানী, মেডিসিন এবং যুব রেড ক্রিসেন্ট।
আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ক্লাবগুলোর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন তাঁরা।
শেবাচিম শিক্ষার্থীদের দাবি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে স্থানীয় মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) ও এমপি জাহিদ ফারুকের অনুমোদিত ক্লাবগুলোর কমিটি বাতিল না করলে ক্লাবের টাকা আত্মসাৎ ও শিক্ষার্থীদের বিভাজনের রাজনীতি বন্ধ করা সম্ভব নয়। পুরনো কমিটি বাতিল করে নতুন কমিটি করা প্রয়োজন, এজন্য তারা গণতান্ত্রিক পদ্ধতিতে ক্লাবের সংস্কার প্রত্যাশা করেন।
জানা গেছে, দুপুর ১২টার দিকে সংস্কার প্রত্যাশী শিক্ষার্থীরা শেবাচিম হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনিরের সঙ্গে দেখা করেন এবং সংস্কারের দাবি জানান। এসময় হাসপাতাল পরিচালক বলেন, ‘মেডিকেল অধ্যক্ষ ও সংশ্লিষ্ট অন্যদের সাথে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’
পরে শিক্ষার্থীরা আলোচনা ও সমাধানে পৌঁছার পূর্ব পর্যন্ত ক্লাবগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেন এবং ক্লাব তালাবদ্ধ করে দেন। তালাবদ্ধ করার পর শিক্ষার্থীরা শেবাচিমের উপাধ্যক্ষ ডা. রেফায়েতুল হায়দারের সঙ্গে দেখা করেন। এসময় তিনি বলেন, ‘ক্লাব হাসপাতালের সাথে সম্পর্কিত। এই সমস্যা সমাধানের উদ্যোগ পরিচালককে নিতে হবে।’
শেবাচিম পঞ্চম বর্ষের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগরের যুগ্ম আহ্বায়ক এনামুল হক বলেন, ‘৫ আগস্টের পর দেশের সবখাতে সংস্কার হয়েছে। আমরাও চাই শেবাচিমের কিছু বিষয়ে সংস্কার করা হোক। শেবাচিমের যেকোনো শিক্ষার্থীকে যদি জিজ্ঞেস করেন, কিসের ভিত্তিতে এতো বিভাজন হচ্ছে, সবার উত্তর একটা ক্লাব।’
তিনি আরও বলেন, ‘আমাদের মধ্যে বিভাজন বা রাজনৈতিক শক্তি সবকিছুই ক্লাব কেন্দ্রিক। ক্লাবগুলোর বর্তমান কমিটিতে যারা আছেন, সবাই হাসিনার আমলে মেয়র ও এমপির স্বাক্ষরের মাধ্যমে এসেছেন। আমরা চাই, ক্লাব শিক্ষার্থীদের জন্য কাজ করুক। এজন্য শিক্ষার্থীদের অংশগ্রহণ ও গণতান্ত্রিক প্রক্রিয়া সংস্কার প্রয়োজন।’
এ বিষয়ে শেবাচিম পঞ্চম বর্ষের শিক্ষার্থী মশিউর রহমান বলেন, ‘শেবাচিমের ক্লাবগুলো রিফর্ম করার জন্য আমরা আলোচনা করেছি। রিফর্ম না হওয়া পর্যন্ত ক্লাবগুলোর কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বিগত সময়ে ছাত্রলীগের মনোনীত যারা, তারাই সভাপতি ও সাধারণ সম্পাদক হতো।’
এসএইচ
-
০৮ মার্চ, ২০২৬
ঘটনা তদন্তে কমিটি গঠন
ওটিতে চিকিৎসাধীন শিশুর গালে থাপ্পড়, অফিস সহায়ক বরখাস্ত
-
০৬ মার্চ, ২০২৬
-
০৫ মার্চ, ২০২৬