রেসিডেন্সিতে ভর্তির সুযোগ চান পরীক্ষায় অনুত্তীর্ণ চিকিৎসকরা
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর শাহবাগে ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমসহ সিন্ডিকেট সদস্যদের অবরুদ্ধ করে রেখেছেন বিভিন্ন সময়ে রেসিডেন্সি ভর্তি পরীক্ষায় অনুত্তীর্ণ চিকিৎসকরা।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে তাঁদের ঘেরাও করেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত এসব মেডিকেল অফিসার।
একাধিক সূত্রে জানা গেছে, ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে বৃহস্পতিবার সকাল থেকে ৯৪তম সিন্ডিকেট সভা শুরু হয়। এ সময় বিভিন্ন সময়ে এমডি-এমএস কোর্সে ভর্তি পরীক্ষায় অকৃতকার্য ১৩ চিকিৎসক হল রুমের বাইরে দুপুরের দিকে হঠাৎ উত্তেজিত হয়ে হট্টগোল শুরু করেন।
তাদের দাবি, বিগত সরকারের দীর্ঘ সময়ে পরীক্ষায় উত্তীর্ণ হলেও ভর্তি হতে পারেননি তারা। আবার অনেকে পরীক্ষাও দিতে পারেননি। তারা নানাভাবে বৈষম্যর শিকার। বঞ্চিত বিবেচনায় তাদের এবার ভর্তির সুযোগ দিতে হবে। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমসহ সিন্ডিকেট সদস্যদের অবরুদ্ধ করে রাখেন।
জানতে চাইলে বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, হল রুমের বাইরে হট্টগোল শুরু করা চিকিৎসকরা বিএসএমএমইউতে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন। তারা ২০০৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেননি। পরে তারা ভর্তি পরীক্ষা দিলেও উত্তীর্ণ হতে পারেননি। এবার তারা বঞ্চিত বিবেচনায় কোর্সে ভর্তির সুযোগ চান।
জানা গেছে, বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ড্যাব) দুই গ্রুপের অভ্যন্তরীণ উত্তেজনার জেরে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
সূত্র জানিয়েছে, ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের অনুসারী বিএসএমএমইউর প্রক্টর ডা. শেখ ফরহাদের কর্মীরা সকালে ভিসি ও সিন্ডিকেট সদস্যদের অবরুদ্ধ করেন। এরপর খবর পেয়ে সেখানে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হাসানের অনুসারীরা।
এমইউ/এনএআর/